কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সদর ইউনিয়নে ঢাকার কেরানীগঞ্জ ফেরত বাবা ও মেয়েসহ একই পরিবারের তিন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। রাজারহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শাহীনুর রহমান সরদার এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য বিভাগ প্রথমে আক্রান্ত পরিবারের ঠিকানা কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নে জানালেও পরে তা সংশোধন করে।
ডা. শাহীনুর রহমান সরদার জানান, ওই পরিবারের পাঁচজন সদস্য গত ২০ এপ্রিল ঢাকার কেরানীগঞ্জ থেকে রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মাদাই গ্রামে তাদের এক আত্মীয়ের বাড়িতে ফেরেন। খবর পেয়ে স্বাস্থ্য বিভাগ ওই দিনই ফেরত পরিবারের পাঁচ সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায়। রবিবার (২৬ এপ্রিল) প্রাপ্ত প্রতিবেদনে ওই পরিবারের বাবা ও ৫ বছরের মেয়েসহ তিন সদস্যের করোনা সংক্রমণ ফলাফল পজিটিভ আসে।
এই চিকিৎসক আরও জানান, আক্রান্ত দুইজন বাবা- মেয়ে। অপরজন সম্পর্কে আক্রান্ত ব্যক্তির শ্যালক। মূলত আক্রান্ত ব্যক্তির বাড়ি সদর উপজেলার রেল স্টেশন সংলগ্ন খাদ্য গুদাম সংলগ্ন এলাকায়। তিনি তার মেয়েসহ রাজারহাট উপজেলায় তার শ্বশুরবাড়িতে অবস্থান করছেন। তবে তিন জনই বর্তমানে কোনও ধরনের উপসর্গ ছাড়াই সুস্থ রয়েছেন।
ডা. শাহীনুর রহমান সরদার বলেন, 'আমরা ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করছি। তারা বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন। সোমবার আক্রান্তদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে আইসোলেশনে নেওয়া হবে।'
উল্লেখ্য, জেলায় এ পর্যন্ত ৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো। এর মধ্যে সদর উপজেলায় তিন জন, রৌমারী উপজেলায় তিনজন এবং ফুলবাড়ী ও চিলমারী ও রাজারহাট উপজেলায় একজন করে রোগী শনাক্ত হয়েছে। এরা সবাই জেলার বাইরে থেকে সংক্রমিত হয়ে বাড়িতে ফিরেছেন।