হিলিতে প্রথম করোনা শনাক্ত ব্যক্তি নারায়ণগঞ্জ ফেরত





করোনা শনাক্ত ব্যক্তির বাড়ি পরিদর্শনদিনাজপুরের হিলিতে প্রথম করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন। সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে ফেরা (৩০) ওই যুবকের নমুনায় করোনা পজিটিভ এসেছে। এই ঘটনায় ওই যুবকের বাড়িসহ আশেপাশের ছয়টি বাড়ি লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

সোমবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৯টায় হিলির নওপাড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম সরেজমিনে তার বাড়ি পরিদর্শন করে লকডাউন ঘোষণা করেন।
এই সময় সেখানে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান, মেডিক্যাল অফিসার ডা. নাজমুস সাঈদ, ওসি আব্দুর রাজ্জাক আকন্দ উপস্থিত ছিলেন। ওই যুবক নারায়ণগঞ্জের একটি গার্মেন্ট কারখানায় কাজ করেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম জানান, ওই যুবক গত ২১ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে হিলিতে আসে। এর পরে খবর পেয়ে সঙ্গে সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে তাকে তার নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে রাখা হয়। যেহেতু সে নারায়ণগঞ্জ থেকে এসেছে তাই পরদিনই তার নমুনা পরীক্ষার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও জানান, রিপোর্ট পাওয়ার পর রাতেই স্বাস্থ্য কর্মকর্তাসহ সেই যুবকের বাড়ি পরিদর্শন করা হয়েছে। বর্তমানে সে সুস্থ আছে। তার শরীরে কোনও লক্ষণ নেই। তাদের খাবার থেকে শুরু করে বাজারের দায়িত্ব প্রশাসনের। তারা যেন বাড়ির বাইরে বের না হতে পারেন সে বিষয়টিও নিশ্চিত করা হবে। আগামীকাল ওই বাড়ির অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে।