ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে দিনাজপুরে নানা কর্মসূচি

 




প্রতিবাদী অবস্থান ও বিক্ষোভ মিছিলদেশব্যাপী অব্যাহত নারী ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে দিনাজপুরে মানববন্ধন, প্রতিবাদী অবস্থান, বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকালে গোড়-এ শহীদ বড় ময়দানে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালিত হয়। এ সময় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সুলতান কামাল উদ্দিন বাচ্চু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন উদীচী জেলা সংসদের সভাপতি হাবিবুল ইসলাম বাবুল, দিনাজপুর নাট্য সমিতির সাধারণ সম্পাদক ও উদীচী কেন্দ্রীয় কমিটির সদস্য রেজাউর রহমান রেজু, জেলা মহিলা পরিষদের সভাপতি কানিজ রহমান প্রমুখ।

প্রতিবাদী অবস্থানের পর একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দিনাজপুর নাট্য সমিতিতে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একাত্মতা পোষণ করে অংশ নেয়।
এদিকে, দুপুরে দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে ধর্ষণ ও নিপীড়ন বিরোধী ছাত্র-জনতা, ইয়ং জেনারেশন অব দিনাজপুর, টিম হিউম্যান বাংলাদেশসহ বিভিন্ন সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দেয়। কর্মসূচিতে ধর্ষণকে জামিন
অযোগ্য অপরাধ হিসেবে আইন প্রনয়ন, সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড ঘোষণা, ধর্ষণ মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ১৫ থেকে ৯০ দিনের মধ্যে নিষ্পত্তি করার দাবি জানানো হয়।