‘শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে’



জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, বঙ্গবন্ধুর হত্যার পর পিছিয়ে যাওয়া বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে বিশ্বের উন্নত সমৃদ্ধ একটি দেশ হিসেবে গড়ার লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। এই বাংলাদেশ হবে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ। 
শেখ হাসিনার নেতৃত্বে দেশের যেমন উন্নয়ন-অগ্রগতি হয়েছে, তেমনি প্রতিটি মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে।

শুক্রবার (৭ জানুয়ারি) সকালে দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ৫০ বছর পূর্তি উদযাপনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এরিয়ার কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গোমেজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন,  দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, মুক্তিযোদ্ধা সৈয়দ মোকাদ্দেস হোসেন, দিনাজপুর ধর্মপ্রদেশের বিশপ সেবাস্টিয়ান টুডু প্রমুখ। 

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন রিচার্ড তাপস দাস ও কুন্ডু হাগিদক। আলোচনা শেষে কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন হুইপ ইকবালুর রহিম। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।