রমজানে সুবিধাবঞ্চিত, অসহায় ও দুস্থ মানুষদের মাঝে এক টাকার বিনিময়ে ইফতার বিতরণ করেছেন রংপুরের একদল তরুণ-তরুণী। এ সময় অটোচালক, রিকশাচালক, পথচারী ও অসহায় মানুষরা এই ইফতার গ্রহণ করেন। সুলভে ইফতার পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষেরা।
রবিবার (১৭ এপ্রিল) বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক গ্রুপ ‘আপডেট রংপুর’ ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্প্রেড স্মাইলস’-এর উদ্যোগে নগরীর জাহাজ কোম্পানি মোড় এলাকায় দুই শতাধিক দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
রিকশাচালক আফজাল বলেন, ‘নানান পদের ইফতার কেনার সামর্থ্য আমাদের নেই। আজ এক টাকা দিয়ে কয়েক পদের ইফতার পেয়ে ভালো লাগছে।’
রংপুরের গঙ্গাচড়ার চর এলাকা মুটুকপুরের চর থেকে রংপুর নগরীতে আসা নির্মাণশ্রমিক বাসেত আলী ও সাহেব আলী এক টাকায় ইফতার পেয়ে খুশি। তারা জানালেন, ‘ভেবেছিলাম পানি পান করে ইফতার করবো। এরপর বাসায় গিয়ে ভাত খাবো। কিন্তু এক টাকায় ইফতার পাবো ভাবতে পারিনি।’
ইফতার পেয়ে ভ্যানচালক রেজাউল মিয়া বলেন, ‘ভ্যান চালিয়ে যা আয় হয়, তা চাল ও সবজি কিনতে শেষ হয়ে যায়। ইফতার কিনতে গেলে কমপক্ষে ৪০-৫০ টাকা খরচ হয়। সেখানে এক টাকা দিয়েই ইফতার পেলাম।’
আয়োজকরা জানান, ইফতারের প্যাকেটে ছোলা, বিরিয়ানি, পেঁয়াজি, বেগুনি, জিলাপি, বুন্দিয়া, মুড়িসহ আরও কয়েক পদ রয়েছে। সঙ্গে দেওয়া হয়েছে একটি করে পানির বোতল।
স্প্রেড স্মাইলসের মুখপাত্র আফ্রিদা জাহিন বলেন, ‘করোনাকাল পার হতে না হতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে। এমন পরিস্থিতিতে রমজান মাস শুরু হয়েছে। শত কষ্টের মধ্যে সিয়াম সাধনা করছেন নিম্ন আয়ের মানুষ। তাদের কথা চিন্তা করেই আমাদের এই উদ্যোগ।’
ফেসবুকভিত্তিক গ্রুপ আপডেট রংপুরের প্রতিষ্ঠাতা অ্যাডমিন ও সংবাদকর্মী হাসান আল সাকিব বলেন, ‘যাদের সামর্থ্য আছে তাদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এই চিন্তা থেকেই আমরা সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে এমন উদ্যোগ নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘সুবিধাবঞ্চিত হলেও অনেকে রোজা রেখে বিনামূল্যে ইফতার নিতে চান না। এসব বিবেচনায় রেখে কারও আত্মসম্মানে যেন আঘাত না লাগে বা ইফতার নিতে বিব্রতকর অবস্থায় না পড়েন, সেজন্য এক টাকার বিনিময়ে ইফতার বিতরণ করা হয়েছে।’