রংপুর সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া বলেছেন, ‘এখানকার মানুষ আর ভুল করবেন না। তারা নৌকা মার্কায় ভোট দেবেন। চমৎকার পরিবেশে সুষ্ঠু ভোট হচ্ছে। বিপুলভাবে সাড়া ও সমর্থন পেয়েছি। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে নগরীর লায়নস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
হোসনে আরা লুৎফা বলেন, ‘ভোটের পরিবেশ চমৎকার। উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নগরবাসী ভোট দিচ্ছেন। ভোট কেন্দ্রে ইভিএমে কোনও সমস্যা হয়নি।’
আরও পড়ুন: ইভিএমে ত্রুটি, ৩০ মিনিট অপেক্ষার পর ভোট দিলেন জাপার মেয়র প্রার্থী
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরসহ মোট প্রার্থী ২৫১ জন। তাদের মধ্যে ৯ জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ১১টি ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৮ জন ও সাধারণ কাউন্সিলর প্রার্থী ১৮৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই নির্বাচনে মোট ভোটার চার লাখ ২৬ হাজার ৪৬৯ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ১২ হাজার ৩০২ বাকি দুই লাখ ১৪ হাজার ৪৬৯ জন নারী। ২২৯টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ চলছে। মোট ওয়ার্ড ৩৩টি। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
মেয়র পদে প্রার্থীরা হলেন—আওয়ামী লীগ মনোনীত হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা (বর্তমান মেয়র), আওয়ামী লীগের বিদ্রোহী লতিফুর রহমান মিলন (দল থেকে বহিষ্কৃত), ইসলামী আন্দোলনের আমিরুজ্জামান পিয়াল, জাসদের শফিউর রহমান, জাকের পার্টির আশরাফুল ইসলাম খোকন, বাংলাদেশ কংগ্রেস পার্টির আবু রায়হান, খেলাফতে মজলিসের তৌহিদুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান বনি।