মারামারির প্রস্তুতিকালে কিশোর গ্যাংয়ের ১৬ সদস্য আটক

গাইবান্ধা সদর উপজেলায় কিশোর গ্যাংয়ের ১৬ সদস্যকে আটক করেছে রেলওয়ে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি বিভিন্ন ধরনের ধারালো ছুরি এবং ৫টি মোবাইল উদ্ধার করা হয়েছে।

মারামারির প্রস্তুতিকালে বৃহস্পতিবার (৮ জুন) বিকালে শহরের রেলওয়ে স্টেশনের উত্তর পাশের বাঁশহাটি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক কিশোরদের বাড়ি গাইবান্ধা শহর ও আশপাশের এলাকায়। তাদের সদর থানায় হস্তান্তর করেছে রেলওয়ে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার পরিদর্শক (তদন্ত) ওয়াহেদুল ইসলাম বলেন,রেলওয়ে পুলিশ কিশোর গ্যাংয়ের ১৬ জনকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে। পরে তাদের সদর থানায় হস্তান্তর করা হয়। আটকদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়,বন্ধুদের সঙ্গে বিরোধের জেরে মারামারির জন্য সংঘবদ্ধ হয় তারা। তাদের আটকদের বিষয়টি অভিভাবকদের জানানো হয়েছে। অভিভাবকদের নিয়ে থানায় বসে আলোচনা করা হবে। একইসঙ্গে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

কিশোর গ্যাংয়ের ১৬ জনকে আটকের বিষয়ে গাইবান্ধা রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) বাদল হোসেন বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, স্টেশনের বাঁশহাটি এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যরা সংঘবদ্ধ হয়েছে। তারা মারামারির পরিকল্পনা করছিল। পরে পুলিশ নিয়ে অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে দেশীয় তৈরি ছোরা ও চাপাতিসহ বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। জব্দ করা হয় ৫টি মোবাইল ফোন।