গুলি করে হত্যার ১৭ ঘণ্টা পর লাশ ফেরত দিলো বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে গুলি করে বাংলাদেশি নাগরিককে হত্যার ১৭ ঘণ্টা পর লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে পাটগ্রামের জোংড়া ইউনিয়নের  ধবলগুড়ি এলাকার সীমান্ত পিলার ৮৭৪/৫-এস এর কাছে আলি হোসেন (৫০) নামের এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করে বিএসএফ। হত্যার পরে লাশ ভারতে নিয়ে যায়।

বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টায় ৬১ বিজিবির (তিস্তা ব্যাটলিয়ন) অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনীম এবং বিএসএফের পক্ষে ১৫৬ ব্যাটালিয়নের অধিনায়ক শ্রী সৌরভের নেতৃত্বে পতাকা বৈঠক হয়। বৈঠকে আলি হোসেনের লাশ বিকাল থেকে সন্ধ্যার মধ্যে ফেরত দেওয়ার অঙ্গীকার করে বিএসএফ। পরে বিকাল ৪টার দিকে লাশ ফেরত পাঠায়।

বিজিবি ও স্থানীয় একাধিক সূত্র বাংলা ট্রিবিউনকে জানায়, মঙ্গলবার রাত ৩টার দিকে প্রায় ১০ জনের একটি দল পাটগ্রামের  জোংড়া ইউনিয়ন সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে যান। তাদের উদ্দেশ করে বিএসএফ সদস্যরা প্রথমে সতর্কতামূলক ফায়ার করে। এক পর্যায়ে তাদের সঙ্গে বিএসএফ সদস্যদের ধস্তাধস্তি-হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে আলী হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান।

জোংড়া ইউনিয়নের চেয়ারম্যান মজিবর রহমান জানান, গোলাগুলির ঘটনা ঘটে জোংড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চকচকার বিল এলাকায়। আর লাশ ফেরত দিয়েছে ৮ নম্বর ওয়ার্ড দিয়ে।

পাটগ্রাম থানার ওসি নাজমুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, বিএসএফ লাশ হস্তান্তর করেছে। পরিবারের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্তের ওপারের ঘটনা হওয়ার কারণে কোনও মামলা হবে না।