গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক, শহরজুড়ে টহল দিচ্ছে পুলিশ-বিজিবি

গোপালগঞ্জ প্রতিনিধি 
১৭ নভেম্বর ২০২৬, ১৮:১১ আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১৮:১১

সহিংসতা ও অস্থিরতার পর গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনজীবন বর্তমানে স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত শহরের কোথাও নতুন করে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এদিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদেরও দেখা যায়নি। পুরো শহরজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক টহল অব্যাহত রয়েছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, স্থাপনা ও জনবহুল এলাকায় টহল জোরদার করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেওয়া তথ্যমতে, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলায় ১০ প্লাটুন বিজিবি, প্রায় দুই হাজার পুলিশ সদস্য (আরআরএফ ও এপিবিএনসহ) এবং ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা সাঁজোয়া যান (এপিসি) এবং বডি-ওর্ন ক্যামেরা নিয়ে শহরের গুরুত্বপূর্ণ মোড় ও স্থাপনার সামনে টহল দিচ্ছেন। মাঠপর্যায়ের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণের জন্য ড্রোনও ব্যবহার করা হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, শহরের দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান খুলতে শুরু করেছেন ব্যবসায়ীরা। পাশাপাশি সড়কে মানুষের চলাচল বেড়েছে। শহরের বিপণিবিতানগুলো খোলা আছে। দূরপাল্লার বাসসহ আন্তজেলা গণপরিবহনও স্বাভাবিকভাবে চলছে। ঢাকা-খুলনা মহাসড়কের ৬৭ কিলোমিটার এলাকাসহ অভ্যন্তরীণ সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক আছে। ওসব সড়কেও কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সকাল থেকে শহরের ঘোনাপাড়া মোড়, এলজিইডি মোড়, বেদগ্রাম, পুলিশ লাইনস মোড়, যুগশিখা মোড়, জজকোর্টের সামনে, জেলা প্রশাসকের বাসভবন ও স্বর্ণকলি উচ্চবিদ্যালয়ের সামনে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। গোপালগঞ্জ-পাটগাতী সড়ক, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ও কোর্ট এলাকায় বিজিবির সাঁজোয়া যান (এপিসি) টহল দিচ্ছিল। 

১০ প্লাটুন বিজিবি মোতায়েন

বিজিবির মিডিয়া বিভাগ থেকে জানানো হয়েছে, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ এলাকায় ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। মোতায়েন করা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দফতরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

৮ প্লাটুন আনসার মোতায়েন

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ঘিরে নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে জেলায় ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। সকাল ১১টায় গোপালগঞ্জের বেদগ্রাম আনসার ব্যাটালিয়ন ক্যাম্প চত্বরে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক আসাদুজ্জামান গণি। তবে নাশকতা বা বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে কোনও অবস্থাতেই মারণাস্ত্র কিংবা লাইভ বুলেট ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন তিনি।

গত ১৫ নভেম্বর গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগের একাধিক ঘটনা ঘটে। এ সময় তাদের অনেকের হাতে লগি-বইঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা, বল্লমসহ দেশি অস্ত্র ছিল। মহড়ার সময় পুলিশের একটি সাঁজোয়া যান ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করেন নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা।

ওই দিন সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লার বাড়ি, দোকানপাট ও উপজেলা যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই রাতে টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়েও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। সর্বশেষ গতকাল সোমবার বেলা ১১টার দিকে মিছিল নিয়ে তালা ভেঙে টুঙ্গিপাড়ায় দলীয় কার্যালয়ে সভা করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

/এএম/ 
সম্পর্কিত
চব্বিশের জুলাই-আগস্টে লুট হওয়া ২৫ রাউন্ড কার্তুজ উদ্ধার
অস্ত্রসহ বাংলাদেশে অনুপ্রবেশ, সীমান্তে বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক
‘গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাইভ বুলেট ব্যবহার করা হবে না’
সর্বশেষ খবর
সুনামগঞ্জে যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর
সুনামগঞ্জে যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর
পুতিন-শি’র সঙ্গে ট্রাম্পের ত্রিপক্ষীয় বৈঠক ঘিরে মার্কিন মিত্রদের উদ্বেগ
পুতিন-শি’র সঙ্গে ট্রাম্পের ত্রিপক্ষীয় বৈঠক ঘিরে মার্কিন মিত্রদের উদ্বেগ
নিজেদের আকাশসীমায় রুশ যুদ্ধবিমান, পাল্টা উড়ান জাপানের
নিজেদের আকাশসীমায় রুশ যুদ্ধবিমান, পাল্টা উড়ান জাপানের
আইএসইউ ফুটবল ফেস্ট সিজন-২ এর চ্যাম্পিয়ন লেগ্যাসি ইউনাইটেড
আইএসইউ ফুটবল ফেস্ট সিজন-২ এর চ্যাম্পিয়ন লেগ্যাসি ইউনাইটেড
সর্বাধিক পঠিত
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
সাভারের ৯ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, হেমায়েতপুরে সড়কে শ্রমিকদের বিক্ষোভ
সাভারের ৯ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, হেমায়েতপুরে সড়কে শ্রমিকদের বিক্ষোভ
পুলিশ ও প্রশাসনে শুদ্ধি অভিযান: নজরদারিতে কারা
পুলিশ ও প্রশাসনে শুদ্ধি অভিযান: নজরদারিতে কারা