সকালে ‘নিখোঁজ’, রাতে বাড়ির পাশে মিললো শিশুর লাশ

কুড়িগ্রামের চিলমারীতে ‘নিখোঁজের’ কয়েক ঘণ্টা পর দুই বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হ‌য়ে‌ছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা শাহপাড়া এলাকা এ ঘটনা ঘটে।

শিশু‌টি‌র নাম আয়শা খাতুন (২)। সে ওই এলাকার আলমগীর হোসেনের মেয়ে বলে জানা গেছে। শুক্রবার সকালে ‘নিখোঁজ’ হওয়ার পর রা‌তে নিজ বাড়ির পাশ থেকে শিশু‌টির লাশ উদ্ধার করেন তার মা ও খালাসহ পরিবারের সদস্যরা। চিলমারী মডেল থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, হাঁটতে চল‌তে পারা শিশু‌টি শুক্রবার সকালে ‘নিখোঁজ’ হয়। পরে অনেক খোঁজাখুঁজির পর রাতে বাড়ির পাশের একটি জায়গায় খুঁজতে গিয়ে মেয়েটির লাশ পাওয়া যায়। শিশুর মা ও খালা প্রথমে লাশ দেখ‌তে পান। প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে শিশু‌টির পরিবার ও পুলিশ। তবে কে বা কারা ঘটনার সঙ্গে জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি।

শিশুর মা রাশেদা বেগম বলেন, ‘সকালে হঠাৎ নিখোঁজ হয়। দিনভর অনেক খোঁজাখুঁজি করা হলেও পাওয়া যায়নি। এশার নামাজের পর আবার খুঁজতে গেলে বাড়ির পাশে লাশ পাওয়া যায়।’

এ ঘটনায় শিশু‌টির বাবা বাদী হয়ে অজ্ঞাতদের আসামি ক‌রে মামলা করেছেন। পুলিশ লাশ উদ্ধার ক‌রে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) আশরাফুল আলম। 

তিনি বলেন, ‘পরিবার শিশু‌টির বয়স দুই বছর বললেও তার বৃদ্ধি বেশ ভালো ছিল।  প্রাথমিকভাবে শিশু‌র শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। সকালে নিখোঁজ হওয়া, দিনভর খোঁজাখুঁজির পর আবার রা‌তে বাড়ির পাশে লাশ পাওয়া- এগু‌লো অনেক প্রশ্নের জন্ম দেয়। পারিবারিক ও দাম্পত্য কলহ, পূর্ব শত্রুতাসহ অনেকগু‌লো বিষয় সামনে রেখে আমরা তদন্ত করছি।’