টাকা নিয়ে মাদকের চালান ছেড়ে দেওয়ায় ৪ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

মাদকদ্রব্য উদ্ধার অভিযানে গিয়ে ১০ লাখ টাকার বিনিময়ে প্রাইভেটকারসহ মাদকের বড় চালান ছেড়ে দিয়ে ধামাচাপা দেওয়ার অভিযোগ ওঠার পর লালমনিরহাটের হাতীবান্ধা থানার ৪ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকালে এ তথ্য নিশ্চিত করেন হাতীবান্ধা থানার ওসি আশরাফুজ্জামান সরকার।

তারা হলেন- হাতীবান্ধা থানার এসআই তুহিন, এসআই রিমন মিয়া, এএসআই আব্দুল হাকিম ও এএসআই লুৎফর রহমান। 

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ১৭ জুলাই দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা উপজেলার বোর্ডের হাট বাজার এলাকায় এক চিহ্নিত মাদক কারবারির বাড়িতে অভিযান চালান ওই চার পুলিশ কর্মকর্তা। অভিযানে একটি সাদা প্রাইভেটকার, একটি মোটরসাইকেলসহ বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়।

কিন্তু জব্দ করা আলামত থানায় না নিয়ে কৌশল বদলে কয়েক কিলোমিটার দূরে ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে নিয়ে যাওয়া হয়। সেখানে বৈঠক করে রফাদফা করে দরকষাকষির এক পর্যায়ে ১০ লাখ টাকায় এ চালান ছেড়ে দেন পুলিশ কর্মকর্তারা। তবে বৈঠকের স্থানের সিসিটিভি ফুটেজ থেকে বিষয়টি জানাজানি হয়। 

দলটি গত ১৮ জুলাই উপজেলার ভবানিপুর গ্রামে এমন অভিযানে গেলে গ্রামবাসীর তোপের মুখে পড়ে। এমন অভিযোগ ওঠায় জেলা পুলিশ এসবের তদন্ত করতে অভিযুক্তদের থানা থেকে প্রত্যাহার করে লালমনিরহাট পুলিশ লাইন্সে সংযুক্ত করে। একইসঙ্গে ঘটনাটি তদন্তে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতীবান্ধা থানা ওসি আশরাফুজ্জামান সরকার বলেন, ঘটনার প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় ৪ পুলিশ কর্মকর্তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। ঘটনা তদন্তে জেলা পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে বলে জানতে পেরেছি।