হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা এনসিপি।

বুধবার (২৯ জুলাই) বিকাল ৫টায় কলেজ মোড়ে বিজয় স্তম্ভ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয় মিছিলটি। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন এনসিপির জেলা আহ্বায়ক মুকুল মিয়া, যুবশক্তির সদস্য সচিব তারিকুজ্জামান তমাল ও ছাত্রশক্তির সদস্য সচিব সাদিকুর রহমান।

সমাবেশে বক্তারা বলেন, হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা চালিয়ে আন্দোলন দমন করা যাবে না। ছাত্রদল-যুবদলকে লেলিয়ে দিয়ে তারেক রহমানের সরকারও ফ্যাসিবাদের পথে হাঁটছে। বক্তারা অবিলম্বে হামলায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় অন্যান্যদের মধ্যে ছিলেন– জেলা নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা, সদস্য সচিব মেরিনা পারভীন, জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদ, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সরকার, সিনিয়র যুগ্ম সদস্য সচিব দিনার মিনহাজ, সদর উপজেলার সদস্য সচিব আব্দুল মালেক, জেলা ছাত্রশক্তির মুখপাত্র খন্দকার আল ইমরান, স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক তাজুল ইসলামসহ বিভিন্ন অঙ্গসংগঠন ও উপজেলা শাখার নেতারা।

মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হলের সামনে পদযাত্রা শেষে ফেরার পথে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িতে অতর্কিত হামলা চালায় একদল যুবক। এ সময় সাংবাদিক ও এনসিপি নেতাকর্মীরা আহত হন। পরে তাদের পুলিশ উদ্ধার করে। এ হামলার জন্য স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করে এনসিপি।