প্রয়োজনীয় সংখ্যক বিচারক না থাকায় পঞ্চগড় জেলা জজ আদালতের বিচার কাজে স্থবিরতা দেখা দিয়েছে। জেলা আইনজীবি সমিতি একথা জানিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন বিচারপ্রার্থীরা।
শারীরিক অসুস্থতার কারণে জেলার বিজ্ঞ জেলা ও দায়রা জজ এম. এ নুর চার মাস ধরে ছুটিতে আছেন। একটি প্রশিক্ষণে অংশ নিতে কর্মস্থলে অনুপস্থিত যুগ্ন জেলা জজ। এছাড়া ৫ থানার ৫টি দেওয়ানি আদালতের সহকারী ও সিনিয়র সহকারী বিচারকের মধ্যে শুধু সদর উপজেলায় একজন সিনিয়র সহকারী বিচারক রয়েছেন।
আরও পড়তে পারেন: গ্রাম পুলিশের বিরুদ্ধে ডাকঘরের জমি দখলের অভিযোগ
অন্যদিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একজন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (মুখ্য বিচাররিক হাকিম) একজন এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (অতিরিক্ত মুখ্য বিচাররিক হাকিম) এবং একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (জেষ্ঠ্য বিচাররিক হাকিম) বিচার কাজ পরিচালনা করছেন। এ অবস্থায় বিচারপ্রার্থীরা তারিখ অনুযায়ী নিয়মিত আদালতে হাজির হলেও বিচার না পেয়ে তাদের হতাশ হয়ে ফিরে যেতে হয়। ফলে দুর্ভোগে পড়ছেন বিচারপ্রার্থীরা। প্রয়োজনে বিচারক নিয়োগের দাবিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণের কথা জানিয়েছেন জেলা আইনজীবী সমিতি।
আরও পড়তে পারেন: নববর্ষে উন্নত খাবার: ব্রয়লার মুরগির ঝোল!
জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. গোলাম হাফিজ ও সাধারণ সম্পাদক মজনুর রহমান জানান, বিচারক সংকটের কারণে জেলা জজ আদালতের বিচারপ্রার্থীরা চরম দুরাবস্থায় ভুগছেন। সংকট নিরসনে জেলা বারের একটি প্রতিনিধি দলের মাধ্যমে শিগগির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করে বিচারক নিয়োগের বিষয়ে অনুরোধ জানানো হবে।
/এসটি/