নীলফামারীর ডিমলায় দায়িত্ব পালনের সময় হঠাৎ থানার ডিউটি অফিসারের কক্ষের ছাদের পলেস্তারা ধসে পড়েছে। এতে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এ ছাড়া একটি কম্পিউটার ভেঙে গেছে।
শুক্রবার (১৪ আগস্ট) রাত ১২টার দিকে ডিমলা থানার ডিউটি অফিসারের কক্ষে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে ডিউটি অফিসার হিসেবে থানার এএসআই মো. মসলিম উদ্দিন কক্ষে দায়িত্ব পালন করছিলেন। এ সময় হঠাৎ ছাদের বড় একটি অংশের পলেস্তারা ধসে তার টেবিলের ওপর পড়ে। এতে দায়িত্বরত সেই পুলিশ কর্মকর্তা আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
আহত এএসআই মো. মসলিম উদ্দিন বলেন, ডিউটি অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলাম। এ সময় কক্ষের ছাদের পলেস্তারা হঠাৎ ধসে পড়ে। এতে আমার কাঁধে আঘাত পেয়েছি। থানার পুলিশি কার্যক্রমে ব্যবহৃত সরকারি একটি ডেস্কটপ কম্পিউটারও ভেঙে সম্পূর্ণ অকেজো হয়ে গেছে।
ডিমলা থানার ওসি শওকত আলী বলেন, বিষয়টি ইতিমধ্যেই পুলিশ সুপারকে জানিয়েছি। তিনি বিষয়টি গুরুত্বসহকারে দেখছেন। আগামীকালই হয়তো মেরামতের পদক্ষেপ গ্রহণ করা হবে।