গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় একটি ওষুধ কোম্পানির মাইক্রোবাস চালক ও এক কলেজ হিসাবরক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় এক প্রতিবন্ধী শিশুসহ (১২) আহত হয়েছেন অন্তত ১০ জন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে জেলার পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলায় দুর্ঘটনা দুটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের মাঝিপাড়া এলাকায় ‘আল হামরা’ নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ওষুধ কোম্পানির মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পরে গাড়ি দুটি সড়কের পাশের খাদে পড়ে যায়।
এতে মাইক্রোবাস চালক মাসুদ রানা (৪০) ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় বাস ও মাইক্রোবাসে থাকা অন্তত ৯ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
নিহত মাসুদ রানা ঠাকুরগাঁও সদর উপজেলার বাঁশঘেরা গ্রামের ফয়জার আলীর ছেলে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন।
পলাশবাড়ী থানার ওসি সরোয়ার আলম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আহতদের বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।’
অন্যদিকে, একই দিন সকাল সাড়ে ৯টার দিকে সাদুল্লাপুর-মাদারগঞ্জ সড়কের পশ্চিমপাড়া এলাকায় আসমা মেমোরিয়াল একাডেমির সামনে বাসের ধাক্কায় গোলাম রব্বানী নামে এক কলেজ হিসাবরক্ষক নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা এক প্রতিবন্ধী শিশু আহত হয়েছে।
নিহত গোলাম রব্বানী গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট ইউনিয়নের বিষ্ণুপুর এলাকার বাসিন্দা। তিনি সাদুল্লাপুর সরকারি কলেজের হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
সাদুল্লাপুর সরকারি কলেজের প্রভাষক মাহমুদুল হক মিলন জানান, সকালে গোলাম রব্বানী তার প্রতিবন্ধী সন্তানকে পশ্চিমপাড়ার আশ-শিফা মাদ্রাসায় পৌঁছে দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে ঢাকাগামী ফাতেমা পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি বাসের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
জানা গেছে, দুর্ঘটনার পর উত্তেজিত স্থানীয়রা ফাতেমা পরিবহনের বাসটিতে ভাঙচুর চালান।
সাদুল্লাপুর থানার এসআই আবু তাহের বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘটনার পর ফাতেমা পরিবহনের বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’