সকাল ৮টার আগেই শেষ সার বিতরণ, কৃষি কর্মকর্তা অবরুদ্ধ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাস ইউনিয়নে সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ কৃষকরা। এ সময় সার বিতরণের দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা বা ব্লক সুপারভাইজারকে (বিএস) ডিলারের গুদামে অবরুদ্ধ করে রাখেন কৃষকরা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টায় বল্লভেরখাস ইউনিয়নের গাবতলা বাজারে অতিরিক্ত বরাদ্দের সার বিতরণের সময় এ ঘটনা ঘটে।

প্রায় সাড়ে চার ঘণ্টা পর অবরুদ্ধ বিএস রফিকুল ইসলামকে পুলিশি সহায়তায় উদ্ধার করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন।

স্থানীয়রা জানান, গাবতলা বাজারে অবস্থিত ‘ভাই ভাই মেশিনারিজ’ নামক ডিলারের গুদামে শুক্রবার সকাল ৮টা থেকে কৃষকদের মাঝে সার বিতরণ করার কথা ছিল। কিন্তু ডিলার ভোর থেকে সার বিতরণের শুরু করেন। সকাল ৮টার আগেই বিতরণ শেষ হয়। ৮টার দিকে আসা কৃষকরা সার না পেয়ে বিএস রফিকুল ইসলামকে গুদামে অবরুদ্ধ করে রাখে। সারের দাবিতে মাদারগঞ্জ-ভূরুঙ্গামারী সড়কে গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

বিক্ষুদ্ধ কৃষকের রোষানল থেকে উপসহকারী কৃষি কর্মকর্তাকে বাঁচাতে গুদামের সামনে পুলিশ পাহারায় রাখা হয়। প্রায় চার ঘণ্টা পর দুপুর ১২টার দিকে ইউএনও মোহাম্মদ আলাউদ্দিন এসে জনগণকে শান্ত করার চেষ্টা করেন। পুলিশি নিরাপত্তায় বিএস রফিকুলকে গুদাম থেকে উদ্ধার করে নিজ গাড়িতে তুলে নিয়ে যান।

বিএস রফিকুল ইসলাম বলেন, ‘ওই ডিলার গুদাম থেকে ৮০ বস্তা সার বিতরণ করা হয়। সকাল সাড়ে ৭টায় বিতরণ শুরু করি। বিতরণ সুষ্ঠু হয়েছে। কিন্তু বিতরণ শেষে কয়েক শত কৃষক এসে পরিস্থিতি উত্তপ্ত করে।’

কচাকাটা থানার ওসি অর্পণ কুমার বলেন, ‘সারের দাবিতে কিছু কৃষক সড়ক অবরোধ করে। পরে পুলিশের হস্তক্ষেপে তা তুলে নেয়। তবে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

ইউএনও মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ‘মাসভিত্তিক সারের বরাদ্দ শেষে আজ দুই পয়েন্টে অতিরিক্ত আরও ১৬০ বস্তা সার বিতরণ করা হয়েছে। সুষ্ঠুভাবে বিতরণ হয়েছে। তবে চাহিদার তুলনায় বেশি কৃষকের সমাগম হওয়ায় উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়।’

ওয়ার্ডভিত্তিক খুচরা বিক্রেতাদের মাধ্যমে সার বিতরণ প্রশ্নে ইউএনও আরও বলেন, ‘উপজেলায় ৪৫ ডিলারের পরিবর্তে ৩০ জন ডিলার রয়েছে। নতুন করে ডিলার নিয়োগ হলে আরও বেশি ডিলার পয়েন্টে সার বিতরণ করা হবে।’

কৃষকদের বরাতে ইউএনও বলেন, ‘এবার বন্যা না হওয়ায় চরাঞ্চলের অনেক নিচু জমিতে আবাদ হয়েছে। এ জন্য সারের চাহিদা বেশি। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে আরও সার বরাদ্দের জন্য বলেছি। আজ অতিরিক্ত বরাদ্দ থেকে বিতরণ করা হয়েছে। প্রয়োজনে আরও সার দেওয়া হবে।’