বন বিভাগ থেকে মহাসড়কে চলে এলো ২০ ফুটের অজগর, ধরা পড়লো স্থানীয়দের হাতে

লালমনিরহাট সদর উপজেলার জেলা বন বিভাগ অফিস থেকে একটি অজগর বের হয়ে গেছে। পরে স্থানীয়রা উদ্ধার করে বন বিভাগের নিরাপত্তাকর্মীর কাছে হস্তান্তর করে। এখন অজগরটি বন বিভাগের খাঁচায় রয়েছে।

শনিবার (৩ অক্টোবর) রাত ৯টার পরে ঢাকা-বুড়িমারী মহাসড়ক পার হচ্ছিল অজগরটি। এসময় স্থানীয় ও পথচারীরা অজগরটি দেখতে পান। বন বিভাগের সামনে হওয়ায় বন বিভাগের নিরাপত্তাকর্মীর কাছে অজগরটি তুলে দেয় স্থানীয়রা। এটি লম্বায় প্রায় ২০ ফুট, ওজন আনুমানিক ২০ কেজি।

এসময় স্থানীয়রা উত্তেজিত হয়ে বলেন, লালমনিরহাটে নিরবে বন্যপ্রাণী পাচারচক্র গড়ে উঠেছে। এখান থেকেই দেশ-বিদেশে বন্যপ্রাণী পাচার হয়। এতে বন বিভাগের কর্মকর্তা জড়িত থাকতে পারে বলেও অভিযোগ করেন তারা। 

এ বিষয়ে লালমনিরহটা বন বিভাগের দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি। ফোনও রিসিভ করেননি কেউ। 

বন বিভাগের রংপুরের বন্যপ্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা স্মৃতি সিংহ রায় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অজগর উদ্ধারের বিষয়টি জানিয়েছে। ওটার ওজন ও আকৃতি বলেনি। বিভাগীয় বন কর্মকর্তার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাবো।’