শৌচাগার নির্মাণে রডের বদলে বাঁশ : প্রকৌশলী ও ঠিকাদারের বিরুদ্ধে দুদকের মামলা

দুদকগাইবান্ধায় স্কুলের শৌচাগার(ওয়াশব্লক) নির্মাণকাজে রডের বদলে বাঁশ ও বেঞ্চের পুরাতন ফ্রেমের রড ব্যবহারের ঘটনায় আটক উপ-সহকারী প্রকৌশলী ও ঠিকাদারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক।
সোমবার (১৮ এপ্রিল) দুপুরে দুর্নীতি দমন কমিশন(দুদক) রংপুর বিভাগের উপ-পরিচালক আতোয়ার রহমান বাদী হয়ে অভিযুক্ত দুইজনকে আসামি করে গাইবান্ধা সদর থানায় মামলাটি দায়ের করেন।
গাইবান্ধা সদর থানার ওসি একেএম মেহেদী হাসান জানান, এর আগে ১৩ এপ্রিল উপ-প্রকৌশলী আরিফ বিল্লাহ (৪০) ও ঠিকাদার আব্দুল খালেককে (৪৪) আটক করে জেলহাজতে পাঠানো হয়। বর্তমানে তারা জেলা কারাগারে রয়েছেন।
উল্লেখ্য, ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে মেঘডুমুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ জেলার আরও  সরকারি বিদ্যালয়ে ওয়াশব্লক নির্মাণের কাজ শুরু হয়। এতে ব্যয় ধরা হয় ৮ লাখ ৫০ হাজার টাকা। ঠিকাদার আব্দুল খালেক ওই নির্মাণ কাজের দায়িত্ব পান। নীতিমালা অনুযায়ী বিভিন্ন ঢালাইয়ের কাজে দশ থেকে বার মি.মি.লোহার রড ব্যবহার করতে হবে এবং কাজ চলবে দিনের বেলায়।

নীতিমালা লঙ্ঘন করে ঠিকাদার রডের পরিবর্তে চিকন বাঁশ ও বেঞ্চের ফ্রেম ব্যবহার করেন এবং বিষয়টি চেপে যাওয়ার স্বার্থে রাতের অন্ধকারে ঢালাইয়ের কাজ করেন। রাতে কাজ করার কারণে এলাকাবাসীর সন্দেহ হলে পরে দুর্নীতির বিষয়টি বেরিয়ে পড়ে।

আরও পড়ুন: -জাল কাগজে জমির দলিল, দুই প্রতারক আটক

পরে ৮ এপ্রিল টয়লেটের ঢালাই করা একটি জানালা ও একটি দরজার উপরের অংশ (লিনটন) ভাঙা হলে চিকন বাঁশ ও বেঞ্চের ফ্রেম পাওয়া যায়। উত্তেজিত এলাকাবাসীর চাপের মুখে ঠিকাদারের লোকজন ও মিস্ত্রিরা পালিয়ে যায়।

বিষয়টির তদন্তে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে নির্মাণাধীন টয়লেটে রডের পরিবের্ত বাঁশ ও বেঞ্চের পুরাতন ফ্রেমের রড ব্যবহারের অভিযোগ প্রমাণিত হয়।

/এআর/এইচকে/