কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে বিএসএফের নির্যাতনে আব্দুল বারেক নামের এক যুবকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে কাজিয়ারচর সীমান্তে ঘটনাটি ঘটেছে। তবে বিএসএফ এ অভিযোগ অস্বীকার করেছে।
নিহত বারেক উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা গ্রামের এন্তাজ আলীর ছেলে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বারেককে নির্যাতনের বিষয়টি অস্বীকার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
নিহতের পরিবার জানায়, মঙ্গলবার বিকালে হঠাৎ কেউ বারেককে ফোন করে সীমান্তবর্তী এলাকায় গরু আনতে যাওয়ার কথা বলে। কিছুক্ষণ পরে স্থানীয় কয়েকজনসহ সে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। বুধবার সকাল সাড়ে ৬ দিকে সে কাজিয়ারচর সীমান্তের পার্শ্ববর্তী তার এক ভাইয়ের বাড়িতে এসে পানি খেতে চায়। এরপরই সে মাটিয়ে লুটিয়ে পড়ে। স্থানীয় এক পল্লী চিকিৎসককে ডেকে আনলে তিনি বারেককে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ঝুঁকির মুখে জোড়গাছা সেতু
পরে সংবাদ পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্ধার করে।
এ বিষয়ে কুড়িগ্রাম ৪৫ বিজিবি পরিচালক লে.কর্নেল জাকির হোসেন জানান, বিএসএফকে পতাকা বৈঠকের জন্য চিঠি দেওয়া হলে তারা কোম্পানি কমান্ডার পর্যায়ে এসে বৈঠকে নির্যাতনের কথা অস্বীকার করে।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ জিয়া লতিফুল ইসলাম জানান, বারেকের বুকসহ কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
/এসটি/