রংপুর নগরীর হাজিরহাট এলাকায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন। শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন নীলফামারীর সৈয়দপুর এলাকার রেজাউল খান এবং রংপুরের তারাগঞ্জ উপজেলা সদরের রেজাউল করিম। তারা রংপুর নগরীর উত্তরাঞ্চলের জগন্নাথপুর মাদ্রাসার শিক্ষক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাতে দুই শিক্ষক মোটরসাইকেলে করে রংপুর থেকে তারাগঞ্জের উদ্দেশে রওনা হন। পথে রেজাউল করিমকে তার বাড়িতে নামিয়ে দিয়ে রেজাউল খান সৈয়দপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় হাজিরহাট এলাকায় পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুই আরোহী সড়কে ছিটকে পড়েন। পরে ট্রাকটি তাদের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে। পরে নিহত দুই শিক্ষকের মরদেহের ছিন্নভিন্ন অংশ উদ্ধার করা হয়। তবে দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়।
হাজিরহাট থানার ওসি শরীফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দ্রুতগতিতে ট্রাক চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ট্রাক ও চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।