বাড়ির দরজার সামনেই পড়ে ছিল প্রবাসীর মরদেহ, চোখে আঘাতের চিহ্ন

দিনাজপুরের ঘোড়াঘাটে নিজ বাড়ির দরজার সামনে থেকে রফিকুল ইসলাম তালুকদার (৫০) নামে এক মালয়েশিয়াপ্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বাম চোখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ছাড়া গলায় ফাসের চিহ্ন দেখে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে হত্যার কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা এখনও জানা যায়নি।

শনিবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার বিরাহিমপুর গুচ্ছগ্রামের কশিগাড়ি কাচারি এলাকায় নিজ বাড়ির দরজার সামনে রফিকুলের মরদেহ পড়ে থাকতে দেখেন তার বড় ভাই সাইদুল ইসলাম। তার চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। রফিকুল ওই এলাকার সাইফুদ্দিন তালুকদারের ছেলে।

নিহতের বড় ভাই সাইদুল ইসলাম তালুকদার জানান, দীর্ঘ নয় বছর মালয়েশিয়ায় থাকার পর প্রায় দেড় বছর আগে দেশে ফেরেন রফিকুল। ছয় মাস আগে স্ত্রীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়। তাদের দুই মেয়ে রয়েছে। বিচ্ছেদের পর দুই মেয়েকে নিয়ে তার সাবেক স্ত্রী বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে নিজ বাড়িতে একাই থাকতেন রফিকুল। তবে নিয়মিত বড় ভাইয়ের বাড়িতে খাওয়াদাওয়া করতেন তিনি।

সাইদুল আরও জানান, শনিবার রাতে রফিকুল খাবার খেতে না আসায় তাকে কয়েকবার ফোন করা হয়। কিন্তু যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে খোঁজ নিতে গিয়ে বাড়ির দরজা খোলা দেখতে পান তিনি। আশপাশের এলাকা ও বাড়ির পাশের আঙুরবাগানে খোঁজাখুঁজি করেও রফিকুলকে পাওয়া যায়নি। বাড়িতে ফেরার সময় দরজার সামনে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তার চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা সেখানে জড়ো হন।

হাকিমপুর সার্কেলের দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন জানান, কী কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়। রোববার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।