সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের মোস্তফানগর গ্রামে ডাকাতের হামলায় গৃহকর্তা জিলু মিয়া নিহত হয়েছেন। ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ধাওয়া করে ডাকাত দলের সদস্য সোনা মিয়াকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শনিবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সোনা মিয়াকে থানায় নিয়ে যেতে চাইলে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ বাঁধে। এতে একজন নিহত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জের মোস্তফানগর গ্রামে জিলু মিয়ার বাড়িতে শনিবার ভোরে একদল মুখোশধারী ডাকাত হানা দেয়। এসময় ডাকাতদের হামলায় গৃহকর্তা জিলু মিয়া নিহত হন। ডাকাতির ঘটনার খবর পেয়ে গ্রামের লোকজন ধাওয়া দিয়ে ডাকাত দলের সদস্য সোনাই মিয়াকে আটক করে। খবর পেয়ে সকালে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাত সোনাই মিয়াকে নিয়ে চাইলে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে করতে গুলি ছুড়লে মোস্তফানগর গ্রামের বাসিন্দা মফিজুর রহমান মারা যায় বলে স্থানীয়রা জানান।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) আলতাফ হোসেন জানান, পুলিশের গুলিতে মোস্তফানগর গ্রামে মফিজুর রহমান মারা গেছেন এ তথ্য সঠিক নয়। পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে তার মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, মফিজুরকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। চিকিৎসকরা তার শরীরে কোনও গুলির চিহ্ন পাননি। তার লাশ বাড়িতে রয়েছে। পুলিশ মফিজুরের লাশ থানায় নিয়ে আসার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
/এসটি/