পুলিশের ওপর হামলার ঘটনায় কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জিএম আসলাম বাদী হয়ে ৩/৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দেড় হাজারেরও বেশি লোককে আসামি করে মামলা দায়ের করেন। আর ডাকাতদের হাতে নিহত জিলু মিয়ার ছেলে জুয়েল আহমদ বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেন। এ মামলায় গ্রেফতারকৃত সোনাই ডাকাত ও আব্দুল খালেকসহ ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে বলে রবিবার (৫ মার্চ) দুপুরে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন বাংলা ট্রিবিউন’কে নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, জিলু মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় সোনাই ও আব্দুল খালেককে গ্রেফতার দেখানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতার করার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জের মোস্তফানগর গ্রামে জিলু মিয়ার বাড়িতে শনিবার ভোরে একদল মুখোশধারী ডাকাত হানা দেয়। এসময় ডাকাতদের হামলায় গৃহকর্তা জিলু মিয়া নিহত হন। ডাকাতির ঘটনার খবর পেয়ে গ্রামের লোকজন ধাওয়া দিয়ে ডাকাত দলের সদস্য সোনাই মিয়াকে আটক করে। খবর পেয়ে সকালে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাত সোনাই মিয়াকে নিয়ে চাইলে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে করতে গুলি ছুড়লে মোস্তফানগর গ্রামের বাসিন্দা মফিজুর রহমান মারা যায়।
/এফএস/
আরও পড়ুন-