বড়হাটে বোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় জঙ্গি আস্তানার ভেতরে পরপর দুটি বোমা বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। শুক্রবার দুপুর ১২টা ৫০ মিনিটে এই বিস্ফোরণ ঘটে। এতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন, তাকে অ্যাম্বুলেন্সে করে ঘটনাস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বড়হাটের জঙ্গি আস্তানায় অভিযান চলাকালে আহত পুলিশ সদস্য

মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার রোকনুজ্জামান জানান, আহত পুলিশ সদস্য একজন কনস্টেবল, তার নাম কয়সর। বিস্ফোরণের সময় ভাঙা কাঁচা গায়ে বিদ্ধ হয়ে তিনি আহত হয়েছেন। অবস্থা মারাত্মক কিছু নয়, চিকিৎসা চলছে।
পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, ‘কনস্টেবল কয়সরের আঘাত সামান্য। বাকি সদস্যরা সবাই অক্ষত রয়েছেন। জঙ্গিরা ভেতরেই বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। অপারেশন ম্যাক্সিমাস চলছে।’
শুক্রবার (৩১ মার্চ) সকাল ৯টা ৫২ মিনিটে বড়হাটের এই বাড়িতে ‘অপারেশন ম্যাক্সিমাস’ শুরু হয়। অভিযানের শুরুতে জঙ্গি আস্তানার বাইরে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে মনিরুল বলেন, ‘ভেতরে খুব জটিল পরিস্থিতি। বাড়ির ভেতর একাধিক কামরায় চার থেকে পাঁচ জঙ্গি রয়েছে। তার মধ্যে একজন বোম্ব এক্সপার্ট রয়েছে বলেও আমাদের ধারণা।’

উল্লেখ্য, জঙ্গি আস্তানা সন্দেহে মঙ্গলবার (২৮ মার্চ) রাত থেকে মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় একটি বাড়ি এবং খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকার নাসিরপুর গ্রামের একটি বাড়ি ঘিরে রাখে পুলিশ ও সিটিটিসি। এর মধ্যে বৃহস্পতিবার বিকালে নাসিরপুরের ‘অপারেশন হিটব্যাক’ অভিযান শেষ হয়।

এদিকে, কুমিল্লার কোটবাড়ীতেও একটি জঙ্গি আস্তানায় অভিযান চালাচ্ছে পুলিশ। সেই অভিযানের নাম ‘অপারেশন স্ট্রাইক আউট’।

/এনএল/এমও/