সিলেট নগরীর দরগা মহল্লা (মীরের ময়দান) এলাকায় বুধবার দুপুরে ড্রেন খননের সময় ১১টি মর্টার শেল পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ও র্যাব সদস্যরা ওই স্থানটি ঘিরে রেখেছে। আদালতের নির্দেশে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট এগুলো নিষ্ক্রিয় করার জন্য কাজ করছে।
নগরীর পরিচ্ছন্নতা রক্ষা ও জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) উদ্যোগে ড্রেন খননের কার্যক্রম চলছে। এরই অংশ হিসেবে দরগা মহল্লা এলাকার মাজারের পেছনের অংশে মেডিক্যাল কলেজের ছাত্রাবাসের পাশে ড্রেন খনন করার সময় শ্রমিকরা মর্টার শেলগুলোর সন্ধান পান।
এ ব্যাপারে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন বলেন, ‘পুলিশ আদালতের মাধ্যমে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছে। পুরো এলাকাজুড়ে নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হয়েছে।’
সিলেট র্যাব-৯ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) জে এম ইমরান জানান, ১১টি বিস্ফোরকই শক্তিশালী। এগুলোর বিস্ফোরণ ঘটলে প্রায় এক কিলোমিটার জায়গায় স্প্লিন্টার ছড়িয়ে যাবে। আদালতের নির্দেশে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ শুরু করেছে। উদ্ধারকৃত বিস্ফোরকের মধ্যে ৬টি মর্টার শেল ও ৫টি ১২০ মিলি হাই এক্সপ্লোসিব গ্রেনেড। এগুলো মুক্তিদ্ধের সময়কার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
/জেবি/