জব্দ তালিকায় নেই ‘পুলিশের কাছ থেকে উদ্ধারকৃত মোটরসাইকেল’

অভিযুক্ত পুলিশ কর্মকর্তা সমীরণসিলেট নগরীর তালতলা থেকে দক্ষিণ সুরমার এসআই সমীরণ সিংহের কাছ থেকে এক সাংবাদিকের চুরি হওয়া মোটরসাইকেল পুলিশ কার হেফাজত থেকে উদ্ধার করেছে, সে বিষয়ে আদালতে দাখিলকৃত জব্দ তালিকায় কোনও কিছু উল্লেখ করা হয়নি। এমনকি মামলার এজহারেও কোনও আসামির নাম উল্লেখ না করে পুলিশ সিলেটের গোলাপগঞ্জের কানিশাইল নায়পাড়া গ্রামের পুলিশের সোর্স সাইফুর রহমানের ছেলে শাহজাহানকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে।
এ অবস্থায় মামলার বাদী মারুফ আহমদের বক্তব্য শোনার জন্য সোমবার (১ জানুয়ারি) তাকে আদালতে হাজির করার জন্য মামলার তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার (৩১ ডিসেম্বর) সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী আইয়ুব আলী জানান, আদালতে পুলিশের রিমান্ড আবেদন এখনও মঞ্জুর হয়নি। এছাড়াও আদালত জানতে চেয়েছেন পুলিশ কার কাছ থেকে চুরির মোটরসাইকেল উদ্ধার করেছে। সেজন্য মামলার বাদী সাংবাদিক মারুফের বক্তব্য নেওয়ার জন্য তাকে আদালতে হাজির করার জন্য তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত, গত ২৮ ডিসেম্বর ‘চুরি হওয়া মোটরসাইকেল পুলিশ কর্মকর্তার কাছ থেকে উদ্ধার’ শিরোনামে বাংলা ট্রিবিউন-এ সংবাদ প্রকাশিত হয়।