জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে সিলেটে যাতে কোনও ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে দিকে লক্ষ্য রেখে ঢেলে সাজানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। রায়কে কেন্দ্র করে সিলেট নগরের গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।
এদিকে আগামীকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে যে কোন ধরণের নাশকতা মোকাবেলা করার জন্য ছয় প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রস্তুত রাখা হয়েছে। কোনও ধরণের নাশকতার ঘটনার খবর পাওয়ার পর পরই পুলিশের পাশাপাশি মাঠে নামবে বিজিবি।
সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সিলেটের যে কোনও ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে ছয় প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে। এরমধ্যে সিলেট মহানগরী এলাকায় ২ প্লাটুন ও জেলার জন্য চার প্লাটুন বিজিবি প্রস্তুত থাকবে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল ওয়াহাব (গণমাধ্যম) জানান, সিলেটে সর্বোচ্চ সর্তক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সেই সঙ্গে চলছে পুলিশের সাঁড়াশি অভিযান। বুধবার পুলিশ অভিযান চালিয়ে মহানগরী এলাকা থেকে বিভিন্ন মামলার ১০ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম সরকার (গণমাধ্যম) জানান, পুলিশের তল্লাশি অভিযানের পাশাপাশি সিলেট জেলার আওতাধীন থানা পুলিকেও সর্তক থাকার জন্য নির্দেশ দেওয়া আছে।
আরও পড়ুন: কক্সবাজারে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত