কামরানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বিএনপির

৩০ জনু বদর উদ্দিন আহমদ কামরানের পক্ষে ভোট চেয়ে নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় লিফলেট বিতরণ সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। সোমবার (২ জুলাই) মনোনয়নপত্র যাচাই-বছাইয়ের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগটি দায়ের করেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।

অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, সরকার দলীয় মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের পক্ষে তার ছেলে আরমান আহমদ শিপুল ও স্ত্রী আসমা কামরান আচরণবিধি লঙ্ঘন করে ৩০ জুন নগরীতে কামরানের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন। এসময় তাদের সঙ্গে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা ছিলেন।  এছাড়াও গত ২৮ জুন বদর উদ্দিন আহমদ কামরান মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সেখানে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মোর্শেদ আহমদ চৌধুরীও উপস্থিত ছিলেন। যা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, ‘আমরা নির্বাচন অফিসে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দায়ের করেছি। আমরা চাই আইন সবার জন্য সমান থাকুক। কিন্তু সরকার দলীয় প্রার্থীর এমন নিয়ম ভাঙা আমাদেরকে হতাশ করেছে।’

সিলেট সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান জানান, বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেয়েছি। এই অভিযোগটি যাচাই-বাছাই করে সত্যতা পাওয়া গেলে প্রার্থীকে সতর্ক করে দেওয়া হবে।