বিমানবন্দরে রাতদিন পড়ে থেকে হলেও মন্ত্রণালয়ে গতি আনবো: প্রতিমন্ত্রী

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে মাহবুব আলী (ছবি– প্রতিনিধি)

নিজের উপর অর্পিত দায়িত্ব আস্থার সঙ্গে পালনের প্রত্যয় প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। তিনি বলেছেন, ‘বিমান মন্ত্রণালয় একটি চ্যালেঞ্জিং মন্ত্রণালয়। সচিবালয়ে না থেকে বিমানবন্দরে রাতদিন পড়ে থেকে হলেও এ মন্ত্রণালয়ে গতি আনবো।’

বুধবার (২৩ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনের বিভিন্ন স্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

মাহবুব আলী বলেন, ‘দেশের মৃতপ্রায় পর্যটন শিল্পকে জাগিয়ে তুলবো। দেশে পর্যটন সম্ভাবনার অনেক জায়গা রয়েছে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেগুলোকে শিল্পে রূপান্তরিক করবো। এতে দেশীয় পর্যটকদের পাশাপাশি বিদেশি পর্যটকরা আসবে।’

জেলা প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘কোনও মানুষ যাতে হয়রানির শিকার না হয় এবং কারও স্বাধীনতা যাতে ক্ষুণ্ন না হয়, সেদিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘যার যার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে; কেউ ব্যর্থ হলে তার দায়ভার সরকার বহন করবে না। কেউ ব্যর্থ হলে তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। গণমানুষের সরকার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে।’

জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন– হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুল মজিদ খান, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, আওয়ামী লীগের কেন্দ্রীয় পরিষদের সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, ব্যবসায়ী নেতা ফজলুর রহমান লেবু, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সচিব আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল হাসেম মোল্লা মাসুম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রুহুল হাসান শরীফ, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রদীপ দাশ প্রমুখ।