সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) শিক্ষার্থী ঘোরী মো.ওয়াসিম আফনানকে বাস থেকে ফেলে হত্যার ঘটনায় আটক বাসচালকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুর ১২টার দিকে মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী বাহাউদ্দিন এ রিমান্ড মঞ্জুর করেন।
মৌলভীবাজার আদালতের কোর্ট ইন্সপেক্টর মো.আব্দুল হাই চৌধুরী দুপুরে বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মৌলভীবাজার মডেল থানার ওসি মো. সোহেল আহাম্মদ বাংলা ট্রিবিউনকে বলেন,‘সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাদী হয়ে মামলা দায়েরের পর আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। রিমান্ড শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’
প্রসঙ্গত, সোমবার দুপুরে মৌলভীবাজার মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন সিকৃবি প্রক্টর অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুন্ড। (মামলা নং-২২, তারিখ ২৫/৩ ২০১৯ইং, ধারা ৩০২/৩৪)।
মামলার আসামিরা হলেন, বাস চালক জুয়েল আহমদ (৪০), হেলপার মাসুক মিয়া (৩১) ও সুপারভাইজার শেফুল মিয়া (৩৫)। তবে সুপারভাইজার এখনও পালতক রয়েছে।