ধলাই নদীতে নৌকাডুবে দুই শ্রমিকের মৃত্যু, ছাত্র নিখোঁজ





সিলেটসিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীতে নৌকাডুবে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (৭ জুলাই) সকালে নদীর রাজনগর এলাকায় বালুবোঝাই নৌকাটি ডুবে গেলে তাদের মৃত্যু হয়। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন—নাঈম হোসেন ও জমির হোসেন। তারা সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ভাদের টেক গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, সকালে কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীতে বালুবোঝাই একটি নৌকা ডুবে যায়। এ সময় নৌকায় থাকা শ্রমিক নাঈম ও জমির নদীতে তলিয়ে যান। স্থানীয়রা প্রায় দেড়ঘণ্টা তল্লাশি চালিয়ে তাদের লাশ উদ্ধার করেন।
ওসি তাজুল ইসলাম জানান, নৌকাডুবিতে শ্রমিকের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখান থেকে লাশ দুটি উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়। অতিরিক্ত বালু নেওয়ার কারণেই নৌকাটি ডুবে যায়।
এদিকে, কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদাপাথরে বেড়াতে গিয়ে ধলাই নদীতে ডুবে নিখোঁজ হয়েছেন সিলেট লিডিং ইউনিভার্সিটির ছাত্র হাসানুর রহমান (২৫)। রবিবার (৭ জুলাই) দুপুর দেড়টার দিকে নদীতে গোসল করতে নামলে স্রোতের কারণে তলিয়ে যান তিনি। তাকে উদ্ধারে ডুবুরি দল তল্লাশি চালিয়ে যাচ্ছে। তিনি নগরীর চৌকিদেখি এলাকার মতিউর রহমানের ছেলে।
ওসি তাজুল ইসলাম বলেন, ‘হাসানুর রহমানসহ আট বন্ধু মিলে ভোলাগঞ্জের সাদাপাথরে বেড়াতে আসেন। এ সময় নদীতে গোসল করতে নেমে স্রোতের কারণে নদীতে তলিয়ে যান হাসানুর। তার সন্ধানে ডুবুরিরা নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।’