শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যানকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় প্রেরণ

রনধীর কুমার দেব মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব গুরুতর অসুস্থ হওয়ায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেওয়া হয়েছে।

তিনি বেশ কয়েকদিন ধরে ঠান্ডা-কাশি জনিত সমস্যার কারণে অসুস্থ। শনিবার (২ অক্টোবর) রাতে আরও বেশি অসুস্থ হয়ে পড়লে ডাক্তারের পরামর্শে স্থানীয় একটি ক্লিনিকে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আজ রবিবার (৪ অক্টোবর) সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিয়ে যাওয়া হয়। তার সঙ্গে তার ছেলে শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজু দেব রিটন রয়েছেন। তিনি সবার কাছে বাবার আশুরোগ মুক্তির জন্য দোয়া কামনা করেছেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, উপজেলা চেয়ারম্যান বেশ কয়েকদিন ধরে ঠান্ডা-কাশি জনিত সমস্যায় ভুগছেন। এর আগে তার হার্টের সমস্যা ছিল। যার ফলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছে।