সুনামগঞ্জে সাংবাদিক নির্যাতনের ঘটনায় প্রধান অভিযুক্ত রইস গ্রেফতার

তাহিরপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কামাল হোসেনকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আসামি ঘাগটিয়া গ্রামের আলামত আলীর ছেলে রইস উদ্দিন। বুধবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মানিগাঁও গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দীপঙ্কর বিশ্বাস। নির্যাতনের ঘটনায় এখন পর্যন্ত মোট পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রসঙ্গত, সোমবার দুপুরে তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ পেয়ে সাংবাদিক কামাল হোসেন ছবি তুলতে যান। এসময় স্থানীয় বালু-পাথরখেকো চক্রের সদস্যরা কামাল হোসেনের ওপর হামলা চালায়। পরে ঘাগটিয়াবাজারে গাছের সঙ্গে বেঁধে তার ওপর নির্যাতন চালানো হয়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলার বাদাঘাট ফাঁড়ির ইনচার্জ এসআই মাহমুদুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।


আরও পড়ুন:
সাংবাদিককে গাছের সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ