সিলেট সিটি করপোরেশনের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে স্টিলের পাইপ পড়ে সেনাসদস্য দেলোয়ার হোসেনের (৩৮) মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (৩ জুন) বিকালে সাত সদস্যের এ তদন্ত কমিটি গঠন করেছে সিটি করপোরেশন। তদন্ত কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।
তদন্ত কমিটির আহ্বায়ক হলেন সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান। কমিটির সদস্যরা হলেন গণপূর্ত বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী রিপন কুমার রায়, সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, শিক্ষা ও প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) রুহুল আলম ও নির্বাহী প্রকৌশলী রাজি উদ্দিন খান।
আরও পড়ুন: সিসিকের নির্মাণাধীন ভবন থেকে পাইপ পড়ে প্রাণ গেলো সেনাসদস্যের
এমন ঘটনায় মর্মাহত উল্লেখ করে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘নিহত সেনাসদস্যের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করছি। এ ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি। ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেবে কমিটি। প্রতিবেদন অনুযায়ী ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে শনিবার বিকাল ৩টার দিকে সিটি করপোরেশনের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে স্টিলের পাইপ পড়ে দেলোয়ার হোসেনের মৃত্যু হয়। তিনি সিলেট সেনানিবাসের ল্যান্স করপোরাল হিসেবে কর্মরত। দেলোয়ার মেহেরপুর জেলার গাংনী থানাধীন জগিরগোফার রায়পুর গ্রামের বাসিন্দা।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, ‘দুর্ঘটনার সময় দেলোয়ার নগর ভবনের পার্শ্ববর্তী সিটি সুপার মার্কেটে ছিলেন। হঠাৎ একটি পাইপ ওপর থেকে তার মাথায় পড়লে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ৯ জনকে আটক করেছে পুলিশ।