সিলেটে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প, উৎপত্তি মেঘালয় রাজ্যে

সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪৯ মিনিটে ৫ দশমিক ৫ মাত্রার এ ভূমিকম্প হয়। তবে এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সিলেট আবহাওয়া অধিদফতর জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসামের মেঘালয় রাজ্যে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫। ঢাকা থেকে দূরত্ব ছিল ২৫০ কিলোমিটার।

সিলেট আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন বলেন, ‘ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসামের মেঘালয় রাজ্যে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫। ঢাকা থেকে দূরত্ব ছিল ২৫০ কিলোমিটার। তবে স্থায়িত্ব মাপা হয়নি।’

এদিকে, ভূমিকম্প হলেও সিলেটের কোথাও কোনও ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, সোমবার রাত ৮টা ৪৯ মিনিট ৪৪ সেকেন্ডে অনুভূত হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। ভারতের আসামের করিমগঞ্জ জেলা থেকে ১৮ কিলোমিটার উত্তরপশ্চিমে এই ভূমিকম্পের উৎপত্তি। এর কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।