হবিগঞ্জে সংঘর্ষে নিহত ১, সাবেক এমপির বাসায় আগুন

অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে হবিগঞ্জে আন্দোলনকারী ও আওয়ামী লীগের নেতাকর্মীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রিপন শীল (২৮) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। আন্দোলন চলাকালে সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খানের বাসভবন আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয়েছে ছয় থেকে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান।

রবিবার (৪ আগস্ট) দুপুর আড়াইটা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত হবিগঞ্জ শহরের টাউন হল রোডে আন্দোলনরত ছাত্র-জনতার সঙ্গে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সংঘর্ষ হয়।

নিহত রিপন শীল (২৮) হবিগঞ্জ শহরের অনন্তপুর এলাকার রতন শীলের ছেলে। রিপন শহরের একটি সেলুনে কাজ করতো।

জানা যায়, দুপুর ২টার দিকে হবিগঞ্জ শহরের টাউন হল রোডে আওয়ামী লীগ নেতা-কর্মীরা অবস্থান নেন। অন্যদিকে দুপুর থেকে বৃন্দাবন সরকারি কলেজের সামনে জড়ো হন আন্দোলনকারীরা। পরে আন্দোলনকারীরা মিছিল নিয়ে টাউন হলের অগ্রসর হলে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় শতাধিক লোকজন আহত হয়। গুলিবিদ্ধ হন রিপন শীল নামে এক ব্যক্তি।

রিপন শীলকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মুমিন উদ্দিন নিহতের তথ্য নিশ্চিত করেন। 

পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া দিলে নেতাকর্মীরা টাউন হল রোড এলাকায় অবস্থিত হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবু জাহির এমপির বাসায় আশ্রয় নেয়। পরে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আবু জাহির ও হবিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমান পিপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খানের বাসা ঘেরাও রাখে আন্দোলনকারীরা।

এক পর্যায়ে হবিগঞ্জ-২ আসনের সাবেক এমপি ও বর্তমান পিপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খানের বাসায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই সঙ্গে ওই এলাকার ছয় থেকে সাতটি দোকান ভাঙচুর করা হয়। আগুন দেওয়া হয় যানবাহনেও।