প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর সোমবার (৫ আগস্ট) সিলেটে আওয়ামী লীগ নেতাদের বাসায় হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। বিকাল থেকে সিলেটে পাড়া-মহল্লা থেকে শুরু করে সড়কে সড়কে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করতে দেখা যায়।
এদিকে উত্তেজিত ছাত্র-জনতা মহানগর পুলিশের ফাঁড়িগুলোতে অগ্নিসংযোগের পাশপাশি ভাঙচুর চালায়। বিভিন্ন সরকারি স্থাপনা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শেখ হাসিনার পদত্যাগের খবর প্রচারিত হওয়ার পরপরই মিছিল নিয়ে একদল মানুষ নগরের শাপলাবাগ এলাকায় প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরীর বাসভবন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের বাসভবন ও তাদের বিয়ের পার্টি সেন্টার হাফিজ কমপ্লেক্সে ভাঙচুর ও লুটপাট করে। এ ছাড়া নগরীর পূর্ব শাপলাবাগ এলাকায় সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ, গোপালটিলা এলাকায় অবস্থিত সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য রণজিত চন্দ্র সরকার এবং সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ ও সহসভাপতি আসাদ উদ্দিনের বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।
একই সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিমের ব্যবসাপ্রতিষ্ঠান মাহাতে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগ সমর্থিত বেশ কয়েকজন কাউন্সিলরের বাসায় ও জেলা পুলিশ সুপারের কার্যালয়ে হামলার ঘটনা ঘটে।