সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সার্ভার রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
রবিবার (৫ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে সিলেট ফায়ার স্টেশনের কন্ট্রোল রুম এ আগুনের সংবাদ পায়। সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
সিলেট ফায়ার স্টেশনের কন্ট্রোল রুম জানায়, বিমানবন্দরে দ্বিতীয় তলায় সার্ভার রুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের সংবাদও পাওয়া যায়নি।
সিলেট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কুতুব উদ্দিন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এরাইভাল ইমিগ্রেশনের (কাস্টমসের উপরের তলা) সার্ভার রুম থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে, কীভাবে সূত্রপাত হয়েছে, তা জানা যায়নি। তদন্ত করলে নিশ্চিত হওয়া যাবে।”
বিমানবন্দরের পরিচালক হাফিক আহমদ সাংবাদিকদের বলেন, “আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও ধোঁয়া রয়েছে। রবিবার সব ফ্লাইট শেষ হওয়ার পরই অগ্নিকাণ্ড ঘটে। ফলে ফ্লাইটের কোনও ব্যাঘাত ঘটেনি।”
এয়ারপোর্ট থানার ওসি সহিদুর রহমান বলেন, “রাত ১২টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।”