হামের উপসর্গ নিয়ে সিলেটে দুই শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে সিলেটে দুই শিশু মারা গেছে। তাদের একজনের বয়স ৬ মাস ও অন্যজনের বয়স ৫ মাস। সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে সোমবার (৪ মে) পৃথক সময়ে তারা মারা যান।

মারা যাওয়া দুই শিশু হলেন- সিলেটের বিশ্বনাথ উপজেলার সরতীষ গ্রামের আব্দুল আফিকের ছেলে ৬ মাস বয়সী ওমর ও সুনামগঞ্জের দিরাই উপজেলার ভরতপুর গ্রামের টুটুল সরকারের ছেলে ৫ মাস বয়সী প্রিয়ম সরকার। তারা দুই জনই সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করে বলেছে, এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে হাম রোগে আক্রান্ত হয়ে তিন শিশু ও আর উপসর্গ নিয়ে মারা গেছে আরও ১৫ শিশু। সবমিলিয়ে মৃতের সংখ্যা ১৮।

মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৬৩ জন। হাম শনাক্ত হয়েছে এক জনের।

বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ ও হাম নিয়ে ভর্তি আছেন ২০০ জন। এর মধ্যে ৮৩ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ১০ জন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে, ৬ জন উইমেন্স মেডিক্যাল হাসপাতালে, একজন মা ও শিশু হাসপাতালে, একজন আল হারামাইন হাসপাতালে, ৭ জন রাগীব রাবেয়া মেডিকেল হাসপাতালে, দুই জন মাউন্ট এডোরা হাসপাতালে, দুই জন নর্থ ইস্ট হাসপাতালে, দুই জন পার্ক ভিউ মেডিক্যাল হাসপাতালে, চার জন হবিগঞ্জের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, দুই জন সুনামগঞ্জের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, একজন শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ৪৬ জন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে, তিন জন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ১৫ জন হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ও ১৫ জন মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি আছেন।