ঘরে ঘরে ডেঙ্গু

একজন সুস্থ না হতেই আরেকজন হাসপাতালে, মনে হচ্ছে যুদ্ধ করছি

দুলাল আবদুল্লাহ, রাজশাহী
১২ নভেম্বর ২০২৬, ১০:০১ আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১০:০১

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। একই পরিবারের একাধিক সদস্য একসঙ্গে আক্রান্ত হচ্ছেন। আবার এক পরিবারের একজন সুস্থ না হতেই আরেকজন আক্রান্ত হয়ে হাসপাতালে আসছেন। এমন পরিস্থিতি দাঁড়িয়েছে যে, একাধিক রোগী বলেছেন অবস্থা এমন যেন ডেঙ্গুর সঙ্গে যুদ্ধ করছেন তারা। 

পরিস্থিতির ভয়াবহতার চিত্র পাওয়া যাচ্ছে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মৃত্যুর পরিসংখ্যানে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ নভেম্বর পর্যন্ত এ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ জন। তাদের মধ্যে ১০ জনই চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। অর্থাৎ রামেক হাসপাতালে ডেঙ্গুতে মোট মৃত্যুর প্রায় ৪৩ শতাংশ এই জেলার। দ্বিতীয় সর্বোচ্চ ছয়জন মারা গেছেন রাজশাহীর বাসিন্দা। আক্রান্ত ও মৃত্যুর পাশাপাশি বাড়িতে বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়ার ঘটনায় চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি জনস্বাস্থ্য সংকটে রূপ নিয়েছে।

রামেক হাসপাতালের জেলাভিত্তিক মৃত্যুর পরিসংখ্যান অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জের পর রাজশাহীতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নাটোর ও কুষ্টিয়ায় দুজন করে এবং পাবনা, ঝিনাইদহ ও সিরাজগঞ্জে একজন করে মারা গেছেন। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর বাসিন্দা মিলে মারা গেছেন ১৬ জন, যা মোট মৃত্যুর প্রায় ৭০ শতাংশ।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ জানান, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে ২৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি চাঁপাইনবাবগঞ্জে। রাজশাহী জেলা ছয়জনের মৃত্যু নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

সর্বশেষ মঙ্গলবার (১০ নভেম্বর) বিকালে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজশাহী নগরীর দরগাপাড়া এলাকার গৃহিণী বুলু বেগম (৪০)। ডেঙ্গু হেমোরেজিক ফিভারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। 

হাসপাতালের মুখপাত্র জানান, গত সোমবার (৯ নভেম্বর) বিকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরদিন মঙ্গলবার বিকালে মৃত্যু হয়। এর আগে ১ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জের নামোপাড়া এলাকার রুনা বেগম (৪০) ডেঙ্গুতে মারা যান। তার মৃত্যুর কারণ ছিল ডেঙ্গু শক সিনড্রোম।

রামেক হাসপাতালের মুখপাত্র আরও জানান, গত মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ৫৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৬০ জন। বর্তমানে হাসপাতালে ১৭৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জে সংক্রমণ ভয়াবহ

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর সংক্রমণ দীর্ঘদিন ধরেই উদ্বেগজনক। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ নভেম্বর পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ১১১ জন। একই সময়ে বহির্বিভাগে শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৪০৩ জন। উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়েছে ২১৪ জনকে। সরকারি হিসাবে জেলায় ডেঙ্গুতে ১৫ জনের মৃত্যু হয়েছে। 

তবে স্থানীয় বিভিন্ন সূত্র ও এলাকাবাসীর দাবি, ডেঙ্গুর উপসর্গ নিয়ে আরও কয়েকজনের মৃত্যু হয়েছে, যাদের মৃত্যুর কারণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

সংক্রমণের বিস্তারের প্রমাণ মিলেছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) জরিপেও। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদপাড়া, মিস্ত্রিপাড়া, নতুন ইসলামপুর, উদয়ন সংঘের মোড় ও চরজোতপ্রতাপ এলাকায় ১৫০টি বাড়িতে পরীক্ষা চালিয়ে ৫৪টিতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। অর্থাৎ জরিপ করা প্রতি তিনটি বাড়ির একটির বেশি বাড়িতে মিলেছে ডেঙ্গুর বাহক মশার লার্ভা।

অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও জলাবদ্ধতার কারণে শহরের বিভিন্ন স্থানে মশার প্রজনন বাড়ছে। এর প্রভাব পড়েছে ২৫০ শয্যার জেলা হাসপাতালেও। রোগীর চাপ বাড়ায় নির্ধারিত শয্যার বাইরে মেঝে ও বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে অনেককে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর সংকটের পাশাপাশি হাসপাতালের কর্মীদের মধ্যেও সংক্রমণের ঘটনা ঘটেছে।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকার মরিয়ম নামের এক নারী তার ননদকে নিয়ে রামেক হাসপাতালে এসেছিলেন। তিনি জানান, তার স্বামী বিদেশে থাকেন। বাড়িতে শ্বশুর-শাশুড়িসহ পরিবারের অন্য সদস্যরা থাকেন। তাদের সবাই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। এমনকি তিনিও আক্রান্ত হন। ননদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে এসেছেন। 

তিনি বলেন, ‘পরিবারের একজন সুস্থ হতে না হতেই আরেকজন ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। ফলে হাসপাতালে আনতে হচ্ছে। মনে হচ্ছে ডেঙ্গুর সঙ্গে যুদ্ধ করছি আমরা।’

শুধু মরিয়মের পরিবার নয়, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় একই পরিবারের একাধিক সদস্যের একসঙ্গে ডেঙ্গু আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। সবার যুদ্ধ এখন ডেঙ্গুর সঙ্গে।

রাজশাহীতেও এডিসের বিস্তার উদ্বেগজনক

রাজশাহী নগরীতেও এডিস মশার বিস্তার উদ্বেগজনক। গত ৩ থেকে ১০ আগস্ট নগরীর কাজিহাটা, চণ্ডীপুর, উপরভদ্রা, নামোভদ্রা ও হাজরাপুকুর এলাকায় জরিপ চালিয়ে ৭৫টি বাড়ির মধ্যে ২৪টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এ সময় ৬৮টি পানির পাত্র পরীক্ষা করে ৪৬টিতে এডিসের লার্ভা মেলে। বিভিন্ন প্রজননস্থল থেকে সংগ্রহ করা ৬৮৫টি মশার লার্ভার মধ্যে ৫০৫টি ছিল এডিস অ্যালবোপিকটাস, ৮৬টি এডিস ইজিপ্টাই এবং বাকি ৯৪টি অন্য প্রজাতির মশার।

রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাবিবুর রহমান জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী, কোনও এলাকায় ব্রেটো সূচক ২০-এর বেশি হলে সেটিকে ডেঙ্গুর উচ্চঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে বিবেচনা করা হয়। সর্বশেষ জরিপে রাজশাহীর সূচক ৬১ দশমিক ৩৩ হওয়ায় পরিস্থিতি উদ্বেগজনক।

নিয়ন্ত্রণে বিশেষ কার্যক্রম

ডেঙ্গু নিয়ন্ত্রণে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও জেলা প্রশাসন বিশেষ কার্যক্রম চালানোর কথা জানিয়েছে। পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. মামুন অর রশীদ বলেন, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এতে মশার প্রজনন ও ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে। জলাবদ্ধতা নিরসন ও মশার বংশবিস্তার রোধে বিশেষ দল কাজ করছে।

জেলা প্রশাসক আবু সালেহ মো. মুসা জানান, পৌর এলাকায় ডেঙ্গু মোকাবিলায় আটটি বিশেষ দল গঠন করা হয়েছে। এসব দল মশার প্রজননস্থল ধ্বংস, লার্ভা নিধন ও জনসচেতনতায় কাজ করছে। 

অন্যদিকে সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দিন জানান, মাইকিং ও মসজিদে জুমার নামাজের সময় ইমামদের মাধ্যমে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে।

রাজশাহী সিটি করপোরেশনও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করেছে। প্রশাসক মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় মঙ্গলবার (১০ নভেম্বর) নগরীর ৯, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে ফগার মেশিনের মাধ্যমে কীটনাশক স্প্রে করা হয়। পর্যায়ক্রমে নগরীর ৩০টি ওয়ার্ডে এ কার্যক্রম চলবে।

রাসিকের মশক নিধন কর্মকর্তা সৈয়দ যুবায়ের হোসেন জানান, তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির আওতায় ফগার স্প্রে, ব্লকভিত্তিক পরিচ্ছন্নতা অভিযান, ড্রেন পরিষ্কার ও লার্ভিসাইড স্প্রেসহ বিভিন্ন কার্যক্রম চলছে। প্রশাসক নগরবাসীকে নিজ নিজ আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

/এএম/ 
সম্পর্কিত
অসময়ে বৃষ্টি: ডেঙ্গুর মৌসুম দীর্ঘায়িত হওয়ার শঙ্কা
মস্তিষ্কের রক্তপ্রবাহ ট্র্যাকার নিয়ে ভারতীয় ধনকুবের ও চিকিৎসকদের বিতর্ক
বাবা ডেঙ্গু আক্রান্ত, বোন অসুস্থ; খেলতে খেলতে হাসপাতাল থেকে পড়ে শিশুর মৃত্যু
সর্বশেষ খবর
বন্ধুর বোনকে আটকে রেখে ধর্ষণ, আদালতে স্বীকার করলো দুই আসামি
বন্ধুর বোনকে আটকে রেখে ধর্ষণ, আদালতে স্বীকার করলো দুই আসামি
লর্ডস টেস্টের আগে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে চায় বাংলাদেশ
লর্ডস টেস্টের আগে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে চায় বাংলাদেশ
গাজার হাসপাতালে ঘুমন্ত রোগীদের ওপর ইসরায়েলি হামলা, নিহত ৬
গাজার হাসপাতালে ঘুমন্ত রোগীদের ওপর ইসরায়েলি হামলা, নিহত ৬
ছাত্রদলের এক নেতাকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার
ছাত্রদলের এক নেতাকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ