প্রধানমন্ত্রীর আগমন ঘিরে মৌলভীবাজারে প্রস্তুতি

মৌলভীবাজার সফরে এসে আগামী ১৭ জুন তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী। সম্ভাব্য এ সফরকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (৯ জুন) জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা এবং বিএনপির নেতারা ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির সম্ভাব্য ভেন্যুগুলো পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব মোহাম্মদ আব্দুর রহিম রিপন, আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মো. আব্দুল মুকিতসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এবং বিএনপির নেতারা।

জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জানান, প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য ভেন্যুগুলো প্রাথমিকভাবে পরিদর্শন করা হচ্ছে। মঙ্গলবার সকালে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ ও মির্জাপুর ইউনিয়নের বিভিন্ন স্থান পরিদর্শন করা হয়। পরে দুপুরে রাজনগর উপজেলা চত্বর এবং রাজনগর ডিগ্রি কলেজ মাঠ ঘুরে দেখা হয়।

তিনি বলেন, আগামী ১৭ জুন প্রধানমন্ত্রী মৌলভীবাজারের রাজনগর উপজেলা ও শ্রীমঙ্গলের মির্জাপুর ইউনিয়নে তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করতে পারেন। সেই লক্ষ্যে সম্ভাব্য স্থানগুলো পরিদর্শন করা হচ্ছে।

তিনি আরও বলেন, ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) সম্ভাব্য স্থানগুলো পরিদর্শনের পর নিরাপত্তা ও অন্যান্য বিষয় বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সংশ্লিষ্টদের মতে, প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে কেন্দ্র করে আগামী কয়েক দিনের মধ্যে প্রস্তুতি কার্যক্রম আরও জোরদার হবে।