হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের ওপর হামলার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। একই সঙ্গে বুধবার (২৯ জুলাই) বিকেল ৩টায় হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসূচিতে দলের আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্য সচিব আখতার হোসেন এমপি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের উপস্থিত থাকার কথা রয়েছে।
অন্যদিকে, এনসিপির বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ‘উস্কানিমূলক মিথ্যাচারের’ অভিযোগ তুলে এর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল ও যুবদল।
ছাত্রদল বুধবার (২৯ জুলাই) জেলার সব উপজেলা, পৌরসভা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে। জেলা শহরসহ প্রতিটি উপজেলা ও পৌরসভায় বিক্ষোভ মিছিল করবে বলে জানিয়েছে যুবদলও।
একই দিনে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে হবিগঞ্জ শহরে উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদ বলেন, ‘‘গতকালের ঘটনায় জড়িতদের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে শনাক্ত করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’’