সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, এক দিনে ভর্তি ১৬৮

সিলেট বিভাগে হামের সংক্রমণ পরিস্থিতির অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৮ জন। এ নিয়ে বিভাগে সন্দেহভাজন ও নিশ্চিত হাম রোগে মৃতের সংখ্যা বেড়ে ২১৯ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম।

মারা যাওয়া তিন শিশু হলো সুনামগঞ্জের জগন্নাথপুরের আনসার উদ্দিনের মেয়ে আফরিন (১১ মাস), সিলেট সদরের শাকুর আলীর মেয়ে মাইশা (৪ মাস ১৭ দিন) এবং হবিগঞ্জ সদরের আব্দুল আজিজের ছেলে উমর (১ মাস)। তাদের মধ্যে আফরিন ও মাইশা সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং উমর হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৩ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬৮ জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে নিশ্চিত হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ৬৫ জন।

নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সিলেট জেলার ১১১ জন, হবিগঞ্জের ৩১, মৌলভীবাজারের ১০ এবং সুনামগঞ্জের ১৬ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১২ জনে। এ সময়ে সন্দেহভাজন হাম রোগে ২০৯ জন এবং নিশ্চিত হাম রোগে ১০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মৃতের সংখ্যা ২১৯।

বিভাগের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে বর্তমানে হাম আক্রান্ত ও সন্দেহভাজন রোগীরা চিকিৎসাধীন রয়েছেন। বিজ্ঞপ্তিতে সরকারি হাসপাতালে ৪৬৯ জন এবং বেসরকারি হাসপাতালে ৮৯ জন রোগী ভর্তি থাকার কথা জানানো হয়েছে।