মাত্র দুই দিনের ব্যবধান। প্রথমে ডেঙ্গু ও হামে আক্রান্ত হয়ে মারা যায় ১০ বছর বয়সী বড় ছেলে। সেই শোক কাটিয়ে ওঠার আগেই একই রোগে প্রাণ হারায় ১০ মাস বয়সী ছোট সন্তান। দুই সন্তানকে হারিয়ে এখন শূন্য ঘর মোহাম্মদ কবির ও আমেনা বেগম দম্পতির। চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হিলভিউ আবাসিক এলাকার এই পরিবারে নেমে এসেছে শোকের মাতম। শুক্রবার মারা যায় দম্পতির বড় সন্তান নূর মোহাম্মদ আরাফাত। এর দুদিন পর রবিবার রাতে মৃত্যু হয় ১০ মাস বয়সী ছোট সন্তান মোহাম্মদ আবু বক্করের। একই পরিবারের দুই শিশুর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশু নিবিড় পরিচর্যাকেন্দ্রের (পিআইসিইউ) প্রধান অধ্যাপক দিদারুল আলম বলেন, ‘তাদের ডেঙ্গু এবং হাম দুটোই একসঙ্গে হয়েছিল। পরে নিউমোনিয়া হয়। ব্রেইনে ইনফেকশন ছড়িয়ে পড়ে। আমরা সবরকম চেষ্টা করেছি। মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।’
এদিকে চট্টগ্রামে ডেঙ্গু ও হামের সংক্রমণ পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত চট্টগ্রাম জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৭৮৬ জন। এ সময়ে মারা গেছেন ৪০ জন। এর মধ্যে শুধু অক্টোবর মাসেই আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬০৮ জন। আর নভেম্বরের প্রথম ১০ দিনেই নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৬৪২ জন।
হামে উদ্বেগজনক পরিস্থিতি
ডেঙ্গুর পাশাপাশি চট্টগ্রামে হামের সংক্রমণ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। ১০ নভেম্বর পর্যন্ত জেলায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ হাজার ৭৬০ জন। তাদের মধ্যে ১১ হাজার ৩৯৯ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৬১ জন। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ড. মোহাম্মদ সাজেদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন কার্যালয়ের ১০ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, মহানগর এলাকায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ হাজার ৩১০ জন। তাদের মধ্যে ১০ হাজার ৯৫৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ভর্তি রয়েছেন ৩৫৭ জন। অন্যদিকে, উপজেলার হাসপাতালগুলোতে সন্দেহজনক হামে ভর্তি হয়েছেন ৪৫০ জন। তাদের মধ্যে ৪৪৬ জন ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে ভর্তি রয়েছেন চারজন।
চট্টগ্রামে হামে এ পর্যন্ত ৫৮ জন মারা গেছেন। এর মধ্যে সন্দেহজনক হামে মারা গেছেন ৫৫ জন এবং তিনজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল।
বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন বলেন, বছরের শুরুতে ডেঙ্গুর সংক্রমণ তুলনামূলক কম থাকলেও বর্ষা মৌসুমের পর থেকে তা দ্রুত বাড়তে থাকে। জানুয়ারিতে আক্রান্ত হন ৬৮ জন। ফেব্রুয়ারিতে ২২, মার্চে ২০, এপ্রিলে ২৯, মে মাসে ৩৭ এবং জুনে ১২২ জন ডেঙ্গুতে আক্রান্ত হন।
জুলাই থেকে পরিস্থিতির অবনতি হতে শুরু করে। ওই মাসে আক্রান্ত হন ৫৩৬ জন। আগস্টে তা বেড়ে দাঁড়ায় ১ হাজার ২০২ জনে। সেপ্টেম্বরে আক্রান্তের সংখ্যা আরও বেড়ে হয় ২ হাজার ৪৩০। আর অক্টোবর মাসে নতুন করে আক্রান্ত হন ২ হাজার ৬০৮ জন। চলতি নভেম্বরের প্রথম ১০ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬৪২ জন।
নগর ও উপজেলায় বাড়ছে ডেঙ্গু রোগী
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, এ বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মহানগর এলাকায় ৩ হাজার ৭২২ জন, বিভিন্ন উপজেলায় ৩ হাজার ২৬২ জন এবং চট্টগ্রামের বাইরে থেকে আসা ৮০২ জন রয়েছেন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৭৮৬।
চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পাশাপাশি মৃত্যুর সংখ্যাও উদ্বেগজনক। চলতি বছরের ১০ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৪০ জন। তাদের মধ্যে নারী ২১ জন, পুরুষ সাতজন এবং শিশু ১২ জন। অর্থাৎ ডেঙ্গুতে মৃতদের অর্ধেকের বেশি নারী। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি রয়েছেন ৭০ জন। তাদের মধ্যে পুরুষ ২৬ জন, নারী ১৯ জন এবং শিশু ২৫ জন।
গত দুই বছরের তুলনায় এবার আক্রান্ত বেশি
২০২৪ ও ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ৪ হাজার ৩২৩ জন। ওই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান ৪৫ জন। ২০২৫ সালে আক্রান্ত হন ৪ হাজার ৮৬৪ জন। ওই বছর ডেঙ্গুতে মারা যান ২৭ জন। চলতি বছরের ১০ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৭৮৬ জন। মারা গেছেন ৪০ জন।
চট্টগ্রামে নেই হামের পরীক্ষার ব্যবস্থা
চট্টগ্রামে প্রতিদিন গড়ে ৭০ থেকে ৮০ জন করে হামে আক্রান্ত রোগী শনাক্ত হলেও সরকারি কিংবা বেসরকারি ব্যবস্থাপনায় নেই হামের পরীক্ষার ব্যবস্থা। সন্দেহজনক রোগীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠাতে হচ্ছে ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজলস-রুবেলা ল্যাবরেটরিতে (এনপিএমএল)। নমুনা পাঠানোর পর প্রতিবেদন পেতে চার-পাঁচ দিন কিংবা তারও বেশি সময় লাগছে। এতে রোগ শনাক্তে সময় লাগার পাশাপাশি চিকিৎসা ব্যবস্থাপনাতেও জটিলতা তৈরি হচ্ছে।
বেড়েছে মশার উপদ্রব
চট্টগ্রাম নগরে বিগত যেকোনো সময়ের তুলনায় গত কয়েক মাসে মশার উপদ্রব বেড়েছে। নগরের পাঁচলাইশ সঙ্গীত আবাসিক এলাকা, বহদ্দারহাট, শমসের পাড়া, বাকলিয়া, ইপিজেডসহ বিভিন্ন স্থানে মশার উপদ্রব আগের যেকোনো সময়ের চেয়ে বেশি বলে অভিযোগ করছেন বাসিন্দারা।
নগরের পাঁচলাইশ সঙ্গীত আবাসিক এলাকার বাসিন্দা মুনতাসির উদ্দিন বলেন, ‘মশার কয়েল জ্বালিয়েও মশার কামড় থেকে রক্ষা পাওয়া যাচ্ছে না। মশারি টাঙিয়ে পড়তে হচ্ছে। এই এলাকায় কখন যে সিটি করপোরেশনের টিম ওষুধ স্প্রে করেছে, তা আমার জানা নেই। তাদেরকে দেখাই যাচ্ছে না। কখনও কাউকে মশার ওষুধ ছিটাইতে দেখলাম না। সিটি করপোরেশনের অবহেলার কারণে চট্টগ্রামে দিন দিন মশার উপদ্রব বাড়ছে। একসঙ্গে মশাবাহিত রোগও বাড়ছে।’
যা বলছেন সিভিল সার্জন
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ড. মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, ‘প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে রোগী ভর্তি হচ্ছেন। ডেঙ্গু মশাবাহিত রোগ। এ রোগ থেকে রক্ষা পেতে হলে মশা নিধন করতে হবে। মশা নিধনের কার্যক্রম পরিচালনা করে থাকে সিটি করপোরেশন। মশা নিধন কর্মসূচি জোরদার করার জন্য ইতিমধ্যে সিটি করপোরেশনকে চিঠি দেওয়া হয়েছে।’
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ম্যালেরিয়া ও মশক নিধন কর্মকর্তা শরফুল ইসলাম মাহি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মশা নিধনে আমাদের কার্যক্রম চলমান আছে। আমাদের জনবল এবং ওষুধের কোনও স্বল্পতা নেই। নগরীর ৪১টি ওয়ার্ডে ২০৫ জন স্প্রে ম্যান নিয়মিত কাজ করছেন। বিশেষ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর জন্য কাজ করছে বিশেষ স্প্রে টিম।’
তিনি আরও বলেন, যেসব এলাকায় ডেঙ্গু রোগী বেশি শনাক্ত হচ্ছেন, সেসব এলাকাকে গুরুত্ব দিয়ে মশার ওষুধ প্রয়োগ কার্যক্রম বাড়ানো হয়েছে।