সিলেটের গোয়াইনঘাট সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে অস্ত্রসহ প্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তের শূন্যরেখা থেকে বাংলাদেশের প্রায় ২০০ গজ ভেতরে তাকে আটক করা হয়। বর্তমানে ওই বিএসএফ সদস্যকে বিছনাকান্দি বিওপিতে রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নুর উদ্দিন আহমেদ। তিনি বলেন, বিছনাকান্দি সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০০ গজ প্রবেশের পর ওই বিএসএফ সদস্যকে অস্ত্রসহ আটক করা হয়। আটকের পর তাকে বিছনাকান্দি বিওপিতে নিয়ে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের মাধ্যমে আটক বিএসএফ সদস্যের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।