যেসব কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি শর্ত মানবে না, সেগুলোর অধিভুক্তি বাতিল করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় এ তথ্য জানিয়েছে।
এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ বলেন, যেসব কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি শর্ত মানবে না, সেগুলোর অধিভুক্তি বাতিল করা হবে। এ ক্ষেত্রে কোনও আপত্তি গ্রহণ করা হবে না।
অধ্যাপক আমানুল্লাহ বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ বা চাকরিদাতা প্রতিষ্ঠান ও শিল্প কারখানার চাহিদা বিবেচনায় না নিয়ে শিক্ষকরা শুধু তাদের পছন্দের বিষয় অধিভুক্তির চেষ্টা করেন; যা মোটেও কাম্য নয়।
তিনি আরও বলেন, চর্তুথ শিল্প বিপ্লবের চাহিদা পূরণে বিবিএ ও সিএসইসহ বিভিন্ন প্রফেশনাল বিষয়ে জনবলের সংকট তৈরি হয়েছে। কিন্তু সেসব বিষয়ে অধিভুক্তির দাবি কম।
ভবিষ্যতের চাহিদা বিবেচনায় নিয়ে নতুন নতুন বিষয় অধিভুক্তির আবেদনের আহ্বান জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর।
অনেক কলেজে নিয়মিত পরিচালনা পরিষদের সভা হয় না জেনে ক্ষোভ প্রকাশ করেন অধ্যাপক আমানুল্লাহ। তিনি বলেন, এতে শিক্ষক-শিক্ষার্থীদের সমস্যা জানা যায় না। ফলে সমাধানও হয় না; যা দিনে দিনে প্রকট আকার ধারণ করে। এছাড়া নিয়মিত সভা না হলে শিক্ষক-শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বাড়ানোর কোনও পদক্ষেপ গ্রহণ করা যায় না। ফলে তারা বঞ্চিত হন; যা তাদের হতাশা বাড়ায়।
উপাচার্য জানান, উচ্চ শিক্ষার মান বাড়ানোর পাশাপাশি কলেজের উন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণে গৃহীত যে কোনও উদ্যোগ বাস্তবায়নে পাশে থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়।