আরও ১ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপনের পরিকল্পনা

দেশের আরও এক হাজার শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

মঙ্গলবার (৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকাল ৩টায় সংসদের অধিবেশন শুরু হয়।

নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ উপকূলীয় দ্বীপ উপজেলা হাতিয়ার পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মধ্যে আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তারে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপনের পরিকল্পনা সম্পর্কে জানতে চান।

জবাবে মন্ত্রী বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতর বাস্তবায়িত ‘শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প (দ্বিতীয় পর্যায়)’-এর আওতায় নোয়াখালীর হাতিয়া উপজেলায় ইতোমধ্যে ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে।

তিনি আরও জানান, একই প্রকল্পের আওতায় সারাদেশে আরও এক হাজার শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপনের লক্ষ্যে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) সংশোধনের কার্যক্রম চলমান রয়েছে। ডিপিপি অনুমোদন হলে আগামী অর্থবছরে সংশ্লিষ্ট সংসদীয় আসনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে।