বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ আরও ৬ মাস বাড়লো

দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যেসব অ্যাডহক কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে অথবা উত্তীর্ণ হতে যাচ্ছে, সেসব কমিটির মেয়াদ আরও ৬ মাস বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (২৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, যেসব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে বা হতে যাচ্ছে, সেসব কমিটির মেয়াদ উত্তীর্ণের তারিখ থেকে ৬ মাস বাড়ানো হলো। বর্ধিত সময়ে কমিটির সভাপতি যথানিয়মে বেতন-ভাতার বিলে সই করবেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখার উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেন এ আদেশ সই করেন।