ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সঙ্গে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে ভারতের শারদা বিশ্ববিদ্যালয়। এ লক্ষ্যে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়সহ বিভিন্ন সহযোগিতামূলক কার্যক্রম চালুর বিষয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে শিগগিরই একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের ব্যাপারেও সম্মত হয়েছেন সংশ্লিষ্টরা।
আজ শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের শারদা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক এন বি সিং। এ সময় এসব বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. ফরিদা বেগম, অধ্যাপক ড. মো. আবু বিন হাসান সুসান এবং অধ্যাপক ড. মোহাম্মদ শাহ মিরান উপস্থিত ছিলেন।
আলোচনায় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়। পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়ের মাধ্যমে অ্যাকাডেমিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা করেন তারা।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শন এবং বিশ্ববিদ্যালয়টির শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি আগ্রহ প্রকাশ করায় অধ্যাপক এন বি সিংকে ধন্যবাদ জানান। গবেষণা কার্যক্রম জোরদারে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ প্রকাশনা কর্মসূচি গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।