এবার রিয়াজ ও তানিয়া

রিয়াজ-তানিয়ানতুন ধরনের কাজ নিয়ে আবার আসছেন চিত্রনায়ক রিয়াজ। তার সঙ্গে থাকছেন মডেল ও অভিনয়শিল্পী তানিয়া বৃষ্টি।
তবে এটি সিনেমার জন্য নয়। নতুন একটি বিজ্ঞাপনচিত্রে তাদের জুটি হিসেবে দেখা যাবে। ক্রোজা ইলেক্ট্রনিক্সের বিজ্ঞাপনে অভিনয় করেছেন তারা।

গত ২৭ জুলাই ঢাকার সাতারকুলের একটি বাংলোবাড়িতে এর চিত্রায়ণ হয়েছে।
রিয়াজ বলেন, ‘আমি এ প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত। আর এবারই প্রতিষ্ঠানের হয়ে প্রথম বিজ্ঞাপনচিত্রে অংশগ্রহণ করলাম। সুন্দর একটি গল্প নিয়ে এটি নির্মাণ হয়েছে।’
এদিকে তানিয়ার বলা যায়- বিজ্ঞাপন ভাগ্য। বছর ‍দুয়েক আগে শাকিব খানের সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করেছেন। এবার তিনি পেলেন চলচ্চিত্রের অপর জনপ্রিয় নায়ককে।
তানিয়া বলেন, ‘রিয়াজ ভাইয়ের সঙ্গে কাজ করার সময় মনে পড়ে গেল শাকিব ভাইয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতার কথা। দুজনই খুবই আন্তরিক। কাজের প্রতি তাদের দায়বদ্ধতাও অন্যরকম। এই দুটি কাজের কথা অনেক দিন মনে থাকবে।’
বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন রিমন মেহেদী। এটি আগস্টের মাঝামাঝি থেকে দেশের সব চ্যানেলে প্রচার হবে।

/এমআই/এম/